বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫১ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩১ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুজন উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে ৫টি শর্তে চার বছরের জন্য উপউপাচার্য (প্রশাসন) পদে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও উপউপাচার্য (একাডেমিক) পদে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. শামীম উদ্দিন খানকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত রেজিস্টার কে এম নুর আহমদ। তিনি বলেন, আমরা প্রজ্ঞাপন পেয়েছি। ওনারা আগামীকাল জয়েন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩–এর ১৪ (১) ধারা অনুযায়ী পাঁচটি শর্তে অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও অধ্যাপক ড. শামীম উদ্দিন খানকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।’
নিয়োগের শর্তগুলো হলো, উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে, উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।