বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৭ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৭ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯টি অনুষদের ডিনদের মেয়াদ শেষ হওয়ায় অব্যাহতি দিয়ে নতুন করে ডিন নির্বাচন না হওয়া পর্যন্ত অথবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ৯ শিক্ষককে ডিনের দায়িত্ব প্রদান করা হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
নতুন নিয়োগ অনুযায়ী চবির কলা ও মানববিদ্যা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের দায়িত্ব পালন করবেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এসএম নছরুল কদির, সমাজ বিজ্ঞান অনুষদের দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আলাউদ্দিন মজুমদার, আইন অনুষদের দায়িত্ব পালন করবেন আইন বিভাগের অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের দায়িত্ব পালন করবেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের দায়িত্ব পালন করবেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের দায়িত্ব পালন করবেন ইনস্টিটিউট অব মেরিম সায়েন্সের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন।
এছাড়া উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার নিজে শিক্ষা অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন।