বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ২০:১২ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৬ পিএম
নোয়াখালীর সুবর্ণচরে বন্যাদুর্গত অঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রায় ২৫০ কৃষকের মাঝে ধানের চারা ও সার বিতরণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের তত্ত্বাবধানে পরিচালিত এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশ।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরহাসানে ২০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ হস্তান্তর ও বন্যাদুর্গত
পুনর্বাসন কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে কুমিল্লার দেবিদ্বারে প্রায় ৫০ কৃষকের
মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি এবং এগ্রি স্টুডেন্টস
অ্যালায়েন্স বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন বাকৃবির কৌলিতত্ত্ব ও
উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরীফ-আর-রাফি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতিকুর রহমান, ড. ইমরান খান চৌধুরী, ঢাকা ব্যাংকের
কৃষি ব্যাংকিং ইউনিটের প্রধান মো. কাতেবুর রহমান, কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটির
চেয়ারম্যান শামসুল ইসলাম, বায়ার ক্রপের মো. ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন
অর রশিদ, এগ্রি অ্যালায়েন্স বিডির আব্দুল্লাহ আল মুন্না, আশিকুর রহমান প্রমুখ।
ঢাকা ব্যাংকের কাতেবুর রহমান বলেন, আমরা
সার ও কীটনাশক কৃষকের মাঝে বিতরণ করেছি। গত ৩ বছরে দেশের ৪২ জেলায় কাজ করেছি। এসব জেলায়
প্রায় ৩২ হাজার কৃষককে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেছি।
কৃষক আবুল কালাম বলেন, আমি ৩ একর জমিতে
ধানের চাষ করেছিলাম। বন্যার পানিতে সব নষ্ট হয়ে গেছে। শিক্ষার্থীরা আমাদের মাঝে যে
ধানের চারা বিতরণ করেছে আমি খুবই খুশি। এই ধানের চারা আমাদের কিছুটা হলেও ক্ষতি
কাটিয়ে উঠতে সাহায্য করবে।
সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ
বলেন, কৃষকদের প্রায় ২০-৩৩ শতক জায়গায় ধান চাষাবাদের জন্য উপকরণ দিয়েছি। আমরা বিশ্বাস
করি এই চারাগুলো থেকে তারা কাঙ্ক্ষিত ফল পাবেন।