নোয়াখালী সংবাদদাতা
প্রকাশ : ২২ নভেম্বর ২০২২ ১৩:০৪ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২২ ১৫:০৪ পিএম
ক্যাম্পাসের ব্যাকলগ বাগানে শিক্ষার্থী শাহিনুর জামাল মুনার গায়েহলুদ অনুষ্ঠিত হয়। ছবি : প্রবা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ক্যাম্পাসে জমকালো আয়োজনে এক ছাত্রীর গায়েহলুদের অনুষ্ঠান করেছেন সহপাঠীরা।
সোমবার (২১ নভেম্বর) বিকাল ৫টার দিকে ক্যাম্পাসের ব্যাকলগ বাগানে পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহিনুর জামাল মুনার এ গায়েহলুদ অনুষ্ঠিত হয়।
বিয়ের অনুষ্ঠানে সব বন্ধু উপস্থিত থাকতে পারবেন না বলেই ক্যাম্পাসে এমন ভিন্নধর্মী আয়োজন করেছেন সহপাঠীরা। গায়েহলুদে মুনার বন্ধুসহ অংশ নিয়েছেন নিজ হল ও বিভাগের শিক্ষার্থীরা।
শাহিনুর জামাল মুনার সঙ্গে চিটাগং প্রিমিয়ার ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী আইনজীবী অংকনের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে। তাদের দুজনেরই বাড়ি চট্টগ্রামে।
মুনার বন্ধুরা হলুদ পাঞ্জাবি আর বান্ধবীরা হলুদ শাড়ির রঙিন সাজে কনেকে হল থেকে নিয়ে আসেন পূর্বনির্ধারিত স্থান ক্যাম্পাসের ব্যাকলগ বাগানের মনোসরণির সামনে। বর আইনজীবী অংকন যোগ দিয়েছিলেন এ অনুষ্ঠানে। এরপর সেখানে বিভাগের ও হলের সিনিয়র-জুনিয়ররা মেতে ওঠেন উৎসবে আনন্দে। দলবদ্ধ হয়ে কেউ সেলফি তুলেছেন, কেউ গানের আসর জমিয়েছেন, আবার কেউ গায়েহলুদের মঞ্চ সাজাতে ব্যস্ত সময় পার করেছেন।
বিকাল ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে গায়েহলুদ হয়। অনুষ্ঠানে আয়োজনের কোনো কমতি ছিল না। বাঁশের ডালা, ঘড়া, মাটির সরা, কুলা, হাঁড়ি, মিষ্টি, দই, কেক, বিভিন্ন আইটেমের ফলসহ নানা ফুল দিয়ে সাজানো হয় পসরা।
মুনার বন্ধু কৌশিক পাল বলেন, ‘আমরা সব বন্ধু মিলে আলোচনা করে আয়োজনটি বিশ্ববিদ্যালয়ের ভেতরেই করি। এরকম আয়োজন করার কোনো অভিজ্ঞতা অতীতে আমাদের ছিল না। এ আয়োজন ব্যতিক্রম এবং আনাড়ি হলেও সবার কাছে এর আনন্দ ছিল সীমাহীন। আমরা সবাই উচ্ছ্বসিত।’
বন্ধু সাইফুল ইসলাম বলেন, ‘সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে গায়েহলুদের আয়োজন দেখা যাচ্ছে। আমরাও সেই পথে গায়েহলুদের আয়োজন করেছি।’
বান্ধবী সামিয়া সুলতানা বলেন, ‘চিরাচরিত গায়েহলুদের নিয়মের মতোই হলুদ, মেহেদি মাখিয়ে সব আনুষ্ঠানিকতা করা হয়েছে। এ অনুষ্ঠানটি আমাদের জীবনের একটি স্মৃতি হয়ে থাকবে। স্মৃতিবিজড়িত এ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গায়েহলুদের অনুষ্ঠান আমাদের সৌহার্দ্য ও ভালোবাসার প্রতিচ্ছবি।’
উচ্ছ্বসিত কণ্ঠে কনে মুনা বলেন, ‘আমার বিয়ে উপলক্ষে এমন সুন্দর অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। এরকম সবার ভালোবাসা পাব কখনও ভাবিনি। সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চাই।’
বাঙালি সংস্কৃতির বহুল প্রচলিত উৎসবগুলোর অন্যতম গায়েহলুদ। এটি মূলত একটি মাঙ্গলিক অনুষ্ঠান, যা অনেক আগে থেকেই প্রচলিত। বাঙালি বিয়েতে যে কটি পর্ব পালিত হয় তার অন্যতম বর্ণিল ও বর্ণাঢ্য পর্বটি হচ্ছে গায়েহলুদ।