প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৮ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ২২:০২ পিএম
ফাইল ফটো
শিক্ষকদের জোর করে পদত্যাগ ও হেনস্থার ঘটনায় অংশগ্রহণকারী এবং শৃঙ্খলা ভঙ্গকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (২ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (প্রশাসন ও সংস্থাপন) সাইফুর রহমান খানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও শিক্ষকদের জোর করে পদত্যাগ ও নানাভাবে হেনস্থা করার ঘটনা ঘটছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন।
আরও বলা হয়, যেসব শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের অভিযোগ আছে তা উপযুক্ত কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নেবেন। বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী এবং শৃঙ্খলা ভঙ্গকারীদের চিহ্নিত করে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থেই শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা প্রয়োজন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
এর আগে দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা এবং হেনস্থা বন্ধের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেন, লক্ষ করা গেছে যে, দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও নানাভাবে হেনস্থা করার ঘটনা ঘটছে; যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
উপদেষ্টা বলেন, যেসব শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের অভিযোগ আছে, তা উপযুক্ত কর্তৃপক্ষ যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেবে। শৃঙ্খলা ভঙ্গকারীদের চিহ্নিত করে প্রচলিত আচরণবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হলে প্রতিকারের জন্য ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিজেদের স্বার্থেই নিজ নিজ শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে হবে বলেন তিনি।