বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪ ২২:৩৩ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪ ২২:৪০ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
অভিযুক্ত সাকিব আহমেদ একই বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী।
রবিবার (২৫ আগস্ট) এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী সাকিব পরীক্ষায় অংশগ্রহণ করতে এলে সাধারণ শিক্ষার্থীরা সেনাবাহিনীকে ফোন করে। সাকিবের ক্যাম্পাসে আসার খবর ছড়িয়ে পড়লে আশপাশ থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে জড়ো হতে থাকে। একপর্যায়ে তাকে জুতার মালা পরিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের দিকে আনা হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এলে তাদের উপস্থিতিতে সাকিব সাধারণ শিক্ষার্থীদের কাছে হামলার বিষয়ে ক্ষমা চায়। এবং সে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবে না বলে ঘোষণা দেয়।
পরে সেনাবাহিনীর দিনাজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন শামিম, সদরের এসিল্যান্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।
ক্যাপ্টেন শামিম জানান, সাকিবের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে।