শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ২১:০৭ পিএম
ড. শাহ আজম
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম। পদত্যাগ পত্রে তিনি কারণ হিসেবে ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম পদত্যাগ পত্র তার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) হার্ডকপি পেলে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পাদন করা হবে।
গত ১৯ আগষ্ট সোমবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভিসি'র পদত্যাগের ১ দফা দাবি আদায়ে বিক্ষোভ করে এবং ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। পরের দিন ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও ভিসি পদত্যাগ না করায় তারা একাডেমিক ভবন ১-এ আবারও বিক্ষোভ প্রদর্শন করে কঠোর আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনের গেটে তালা লাগিয়ে আমরণ অনশনে বসেন। এসময় প্রশাসনিক ভবনে অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। একপর্যায়ে বিকাল সাড়ে ৪টায় অনশনরত শিক্ষার্থীদের কাছে খবর আসে ভিসি ড. শাহ আজম পদত্যাগ করেছেন।
প্রফেসর ড. শাহ আজম শান্তনু ২০২১ সালের ৮ ডিসেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।