বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪ ১০:৫১ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪ ১১:০৭ এএম
ভারতের বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে শেকৃবিতে বিক্ষোভ। প্রবা ফটো
মাঝরাতে ভারতবিরোধী মিছিলে সরব হয়ে ওঠে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্সার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, নোয়াখালী, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লাসহ বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ভারতকে দায়ী করে বুধবার (২১ আগস্ট) রাত ১টার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে টিএসসির সামনে থেকে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়। মিছিলে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার থাকবে নারে’, ‘পেতে চাইলে মুক্তি ছাড়ো ভারতভক্তি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আবরার তোমায় মনে পড়ে বন্যায় যখন মানুষ মরে’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’সহ নানা স্লোগান দিতে থাকেন।