প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪ ১৫:৩৯ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪ ১৮:০১ পিএম
বুধবার বিকালে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকরা সচিবালয় ঘেরাও করে রাখছে। প্রবা ফটো
দেশের সব প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতিসহ এমপিওভুক্তির দাবিতে সচিবালয় ঘেরাও করেছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের সাধারণ শিক্ষক-কর্মচারীরা। সচিবালয়ের প্রতিটি প্রবেশ পথে তাদের অবস্থানের কারণে আটকে দেওয়া হয়েছে প্রবেশ পথগুলো। ফলে বুধবার (২১ আগস্ট) বেলা ৩টা থেকে কেউ সচিবালয়ে প্রবেশ ও বের হতে পারছে না।
সরেজমিনে দেখা যায়, বৈষম্যবিরোধী প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে সারা দেশে প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের শিক্ষকরা সচিবালয়ের সামনের রাস্তা ও প্রবেশপথগুলো অবরোধ করে রেখেছে। তারা ‘যদি প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও হয় তবে সেটা দেশের জয়’, ‘আর নয় অঙ্গীকার এবার চাই অধিকার’, ‘ প্রতিবন্ধীদের শিক্ষকরা আজ অনাহারে মরে’, ‘ সরকারের যদি ইচ্ছে হয় এমপিও কোনো বিষয় নয়’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
শিক্ষকরা বলেন, ‘একটি প্রতিবন্ধী বিদ্যালয় গড়ে তোলা সহজ নয়। আজ যদি এই বিদ্যালয়গুলো ঝরে যায় তা হবে বড় ক্ষতি। সরকারের পৃষ্ঠপোষকতাই পারে এগুলোর প্রাণ ফিরে পেতে।’
সিরাজগঞ্জের রায়গঞ্জ ধানগড়া পতিবন্ধী স্কুলের শিক্ষক তাসলিমা খাতুন বলেন, ‘২০০৭ সালে আমাদের স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। স্কুলে বর্তমানে ২৮৫ জন শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক। কিন্তু এতদিনে আমাদের বিদ্যালয়ের স্বীকৃতি কিংবা এমপিও হয়নি। আমরা দ্রুত স্বীকৃতি ও এমপিভুক্তির দাবিতে এখানে জড়ো হয়েছি।’