কুরআন তেলাওয়াত নিয়ে শোকজ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪ ১৬:০২ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪ ১৭:০২ পিএম
পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় কুরআন তেলাওয়াত অনুষ্ঠান আয়োজনের কারণে শোকজ পাঠান কলা অনুষদের ডিন ড. আবদুল বাছির। এবার সেই শিক্ষকের কার্যালয়ে গিয়ে কুরআন তেলাওয়াত করে তার জন্য দোয়া করেন শিক্ষার্থীরা। দোয়ায় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক আব্দুল বাছিরও মোনাজাতে অংশ নেন।
সোমবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কলাভবনের দ্বিতীয় তলায় কলা অনুষদ ডিন অফিসে এই ঘটনা ঘটে।
জানা গেছে, শিক্ষার্থীরা আগে থেকেই তার পদত্যাগের দাবিতে আন্দোলনের জন্য জড়ো হচ্ছিলেন। তিনি দুপুর সাড়ে ১২টার দিকে কলা ভবনের সামনে এলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তিনি কলাভবনের তিনতলায় অবস্থান নেন। শিক্ষার্থীরা সেখানে গিয়েও বিক্ষোভ করলে তিনি দ্বিতীয় তলায় ডিন অফিসে প্রবেশ করে দ্রুত পদত্যাগ করেন। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে অধ্যাপক আব্দুল আব্দুল বাছির মৌখিক পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন।
পদত্যাগের পর শিক্ষার্থীরা তার অনুমতি নিয়ে তাকে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করে শোনান। পাশাপাশি তার মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করেন শিক্ষার্থীরা।
পদত্যাগের পর অধ্যাপক ড. আব্দুল বাছির বলেন, ‘আমি আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। শিক্ষার্থীরা আজকে এখানে না এলেও আমি পদত্যাগ করে চলে যেতাম। আমি শিক্ষার্থীদের বিপক্ষে যেতে চাইনি, কুরআন তেলাওয়াত নিয়ে শিক্ষার্থীদের চাপের মুখে জবাবদিহি করতে হয়েছে। তিনি জানান প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা থেকে তাকে চাপ দেওয়া হয়েছে।
গত ১৬ মার্চ ঢাবিতে কুরআন পাঠের ঘটনায় আরবি বিভাগের চেয়ারম্যানকে শোকজ করে কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাছির। এর আগে, গত ১০ মার্চ বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে কুরআন তেলাওয়াত আসরের আয়োজন করে শিক্ষার্থীরা।