বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ২০:৫৪ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ২১:০০ পিএম
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে লিয়াজোঁ কমিটির বৈঠক করা হয়েছে। প্রবা ফটো
বাংলাদেশ রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত লিয়াজোঁ কমিটির বৈঠক করা হয়েছে। এতে জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ বেশ কয়েকটি বামপন্থি সংগঠন এবং ইসলামী ছাত্র সংগঠনগুলোর মধ্যে ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসসহ বিভিন্ন সংগঠনের ৩৬ জনের বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়। রাত সোয়া ১০টা পর্যন্ত বৈঠক চলে।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবিরের রাজনীতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার রাখা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনসহ বেশ কয়েকটি এজেন্ডাকে সামনে রেখে বৈঠকে আলোচনা হয়।
লিয়াজোঁ কমিটির পক্ষে কমিটির সদস্য মাহফুজ আবদুল্লাহ, নাসির আব্দুল্লাহ এবং আরিফুল ইসলাম আদিব উপস্থিত ছিলেন। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বেশ কয়েকজন সমন্বয়কও উপস্থিত ছিলেন।
এর আগে গত ৮ আগস্ট লিয়াজোঁ কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যাতে বলা হয়, এই লিয়াজোঁ কমিটি অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শদান, সরকার, অংশীজন এবং ছাত্রজনতার সঙ্গে সমন্বয় করবে।
বৈঠকে থাকা কয়েকজন প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির রাজনীতি করতে পারবে কি না এ নিয়ে শুরুতে আলোচনা হয়। আলোচনায় অধিকাংশ সংগঠন একমত হয় যে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা সবাই মিলেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি করবে। আগের যে পরিবেশ পরিষদ ছিল সেটি এখন কার্যকর নয়। সংগঠনগুলো সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা সরাসরি রাজপথে কেউ কাউকে আক্রমণ করবে না এবং সবাই মিলে গণতন্ত্রের জন্য কাজ করবে।
বৈঠকের এজেন্ডাগুলোর মধ্যে অন্যতম ছিল, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামের এই ব্যানারটি এখন রাখা হবে না কি বিলুপ্ত ঘোষণা করা হবে। এ ব্যাপারে চলমান সংকট যেহেতু এখনও পুরোপুরি সমাধান হয়নি, তাই চলমান সংকট সমাধানের লক্ষ্যে আপাতত ব্যানারটি চলমান থাকবে বলে সিদ্ধান্ত হয়। এই ব্যানারে সব ছাত্র সংগঠন যেভাবে শুরু থেকে আন্দোলন করেছে সেভাবেই সংকট সমাধান পর্যন্ত কাজ করবে। তবে সেক্ষেত্রে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবার সঙ্গে আলোচনা করতে হবে- এমন শর্তে রাজি হয় ছাত্র সংগঠনগুলো।
এ ছাড়াও বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে কি না সে বিষয়েও আলোচনা হয়। তবে অন্যসব বিষয়ে দীর্ঘ আলোচনার ফলে এ বিষয়টিও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। তবে পরে এ বিষয়ে আবারও বসা হবে বলে বৈঠক সূত্র জানিয়েছে।