প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪ ১৯:৫৬ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪ ২০:৩৭ পিএম
এইচএসসি পরীক্ষা। ছবি : সংগৃহীত
কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা নেওয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছি। প্রস্তাবটি অনুমোদন হলে জানিয়ে দেওয়া হবে।
এর আগে সোমবার (১২ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের প্রস্তুতি চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশিত ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষার সময়সূচি অতি শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দফায় দফায় স্থগিত করা হয় এইচএসসি পরীক্ষা। সর্বশেষ ৭ আগস্ট জানানো হয় অনিবার্য কারণবশত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।