সিলেট অফিস
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪ ১৮:৩৮ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। ফাইল ফটো
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
পদত্যাগপত্রে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রলায়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৩০ জুন ২০২১ নম্বর ৩৭,০০,০০০০.০৭৬,১১.০০১.২১.১৯৩ সংখ্যক প্রজ্ঞাপন অনুযায়ী আমি ২১ আগস্ট ২০২১ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের উপাচার্য হিসেবে যোগদান করি। বর্তমানে আমার ব্যক্তিগত কারণে উপাচার্য পদ থেকে পদত্যাগ করছি। আমার পদত্যাগ পত্রটি গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
এর আগে গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক টিম এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা, প্রভোস্ট বডি, শিক্ষক সমিতিসহ আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া সব শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল।
আল্টিমেটামের মধ্যেই গত ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সব হলের প্রভোস্ট বডি রেজিস্টার দপ্তরে তাদের পদত্যাগ পত্র জমা দেন। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের পদত্যাগের কথা জানা যায়নি।