রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ১৮:৪৯ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪ ২১:২০ পিএম
বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। প্রবা ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক নেটওয়ার্কের কর্মসূচি থেকে কয়েকজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যেতে চাইলে সাদা পোশাকে থাকা পুলিশের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১২টার সময় এ ঘটনা ঘটে।
এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হন শিক্ষকরা এবং সেখান থেকে তারা মৌন মিছিল বের করেন। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসেই মৌন মিছিল শেষ হয়। এরপর সেখানে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী জড়ো হন।
শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করার সময় সাদা পোশাকের কয়েকজন শিক্ষার্থীদের টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীদের চিৎকার শুনে সেখানে শিক্ষকরা ছাত্রদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে থাকেন। তখন শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সাদা পোশাকের পুলিশের ধস্তাধস্তি হয়। এ সময় তারা শিক্ষার্থীদের ছেড়ে দিতে বাধ্য হন।
ঘটনার বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ক্যাম্পাসে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করেছি। হঠাৎই সাদা পোশাকে ডিবির একটা টিম ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের তুলে নেওয়ার জন্য টানাহেঁচড়া শুরু করে। পরে আমরা বাধা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়েছি। তবে জানতে পেরেছি দুজন শিক্ষার্থীকে তারা নিয়ে গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বলা আছে। বিষয়টি নিশ্চিত হলে আমরা তাদেরও ছড়িয়ে আনব।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে কিছু বহিরাগতও ঢুকে থাকতে পারে। তাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে ঢুকেছিল। তবে এখন পরিস্থিতি শান্ত আছে। দুজনকে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি আমরা অফিসিয়ালি নিশ্চিত হওয়ার পর তাদের ছাড়ানোর পদক্ষেপ নেব।’
আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বলেন, ‘শিক্ষকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের ওপর আক্রমণ করলে পুলিশ তাদের থামাতে চেষ্টা করে।’