বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ১৭:২৭ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪ ১৫:৫৪ পিএম
শেকৃবি শিক্ষার্থীদের গ্রেপ্তার, মামলা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) নিপীড়ণবিরোধী শিক্ষক সমাজ। প্রবা ফটো
কোটা আন্দোলনে শের-ই-বাংলা নগর থানা পুলিশের ওপর হামলার অভিযোগে শেকৃবি শিক্ষার্থীদের গ্রেপ্তার, মামলা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) নিপীড়ণবিরোধী শিক্ষক সমাজ।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১১টায় শিক্ষার্থীদের হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে কৃষি অনুষদের সামনে প্রতিবাদলিপি পাঠ এবং মৌন মিছিল করেন শিক্ষকরা। মিছিল শেষে উপস্থিত শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মামলা ও হয়রানির শিকার শিক্ষার্থীদের সহযোগিতা করার আহ্বান জানান।
খোঁজ নিয়ে জানা যায়, কোটা আন্দোলনকে কেন্দ্র করে শের-ই-বাংলা নগর থানা পুলিশের ওপর হামলার অভিযোগে গত ২১ জুলাই শেকৃবির ২০ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে একটি মামলা করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১১ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ওপর শিক্ষার্থীদের ইট-পাটকেলের আঘাতে ২ পুলিশ কর্মকর্তা রক্তাক্ত ও জখম হন। পাশাপাশি অনেক সদস্য আহত হন।
তবে এ ঘটনাকে বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত বলে উল্লেখ করে মিথ্যা মামলা প্রত্যাহার করার আহ্বান জানান নিপীড়নবিরোধী শিক্ষক সমাজ। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন তারা। পাশাপাশি শিক্ষার্থীরা যেন আর কোন ধরনের হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সজাগ থাকার ও প্রয়োজনে ছাত্র-ছাত্রীদের আর্থিক ও মানসিক সহযোগিতার জন্য একটি বিশেষ সেল গঠনের কথা বলেন।
প্রতিবাদলিপিতে তারা দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাস খুলে দেওয়ার উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানান। সেই সঙ্গে চলমান আন্দোলনে হত্যাকারীদের বিচার চেয়ে শিক্ষকদের সঙ্গে পুলিশের অসাদাচরণের নিন্দা জানান।