কোটা সংস্কার আন্দোলন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪ ১৫:৩৯ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪ ১৬:০৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাগান এলাকায় ভাড়া থাকতেন।
শনিবার (২৭ জুলাই) রাত ৪টার দিকে আরিফ সোহেলকে তার ভাড়া বাসা থেকে তুলে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তার ছোটবোন উম্মে খায়ের ঈদি।
ঈদি বলেন, ‘রাত ৩টা ৫০ মিনিটে সিভিল পোশাকে ৮/১০ জন মানুষ আমাদের বাসার নিচে এসে ডাকাডাকি শুরু করে। তখন আমার বাবা তাদের পরিচয় জানতে চান। পরে তারা পরিচয়পত্র দেখিয়ে ডিবি পরিচয় দেন। এরপর আমরা দরজা খুলতে না চাইলে তারা দরজা ভেঙে ফেলার হুমকি দিতে থাকেন। পরে দরজা খুলে দিলে তারা ভেতরে এসে সবার ফোন নিয়ে নেয়।’
তিনি আরও বলেন, তারা আরিফ ভাইয়ের কম্পিউটার চালু করে কিছু ছবি নেন। পরে আশুলিয়া থানায় নিয়ে যাওয়ার কথা বলে আরিফ ভাই ও আমার বড় ভাইকে একটা গাড়িতে তুলে নিয়ে যান। তবে আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলে তাকে সাভারের গেন্ডা এলাকায় ছেড়ে দেন।
এদিকে শনিবার রাতে তুলে নেওয়ার পর থেকে এখনও আরিফ সোহেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘জাবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার বিষয়ে আমরা কিছুই জানি না। আশুলিয়া থানায় এমন কাউকে নিয়ে আসা হয়নি।’