কোটা সংস্কার দাবি
রাজশাহী অফিস ও বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১৭:০৪ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১৭:৫৫ পিএম
বঙ্গবন্ধু হলের নিচ তলায় আগুন দেওয়ার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে। প্রবা ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষের ঘঠনা ঘটে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের সংখ্যার কাছে পরাস্থ হয়ে ছাত্রলীগ পিছু হটতে বাধ্য হয়।

এদিকে দুপুর আড়াইটার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডে জড়ো হতে থাকে। এ সময় রাবির প্রধান ফটকের কাছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে রাবি শাখা ছাত্রলীগের সংঘর্ষ হয়। তবে সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে ছাত্রলীগকে প্রতিহত করে। এর আগে রাবির প্রতিটি হলের প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। পরে রাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা সেই তালা ভেঙে ফেলে এবং তারা একত্রিত হয়ে লাঠি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শুরু করে। এ সময় রাবির বিভিন্ন প্রান্তে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে রক্ষা পায়। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা বঙ্গবন্ধু হলের তালা ভেঙে ফেলে এবং হলে থাকা মোটরসাইকেল ও সাইকেলে আগুন ধরিয়ে দেয়। এই হলে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অবস্থান করেন।

আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। এর আগে শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী শিহাবকে ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করেছে বলে অভিযোগ রয়েছে। তিনি কোটা সংস্কার আন্দোলনকারী বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রশাসনের সঙ্গেও কথা হয়েছে তারাও শিগগিরই ব্যবস্থা নেবে।
এদিকে দুপুর ১টার দিকে রাজশাহী কলেজের কোটাবিরোধী সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হলে তাদের ওপর চড়াও হয় রাজশাহী মহানগর ও রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা মুসলিম হলে ঢুকে কোটা বিরোধীদের খুঁজে বের করে ও চড়-থাপ্পড় দেয়। এর পর বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক সাধারণ শিক্ষার্থী নগরীর জিরো পয়েন্টে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এ সময় তাদের হাতে কোটাবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও প্লেকার্ড দেখা যায়।