× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবিতে প্রক্টর-প্রভোস্টের উপস্থিতিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ‘হামলা’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ১২:২৬ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৪ ১৩:০০ পিএম

জাবিতে প্রক্টর-প্রভোস্টের উপস্থিতিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ‘হামলা’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক দফা দাবিতে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রলীগ। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলমগীর কবির এবং হল প্রভোস্ট অধ্যাপক নাজমুল হাসান তালুকদার।

সোমবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুর হলের ফটকে সাধারণ শিক্ষার্থীদের ওপর এ হামলা চালায় হল ছাত্রলীগের কর্মীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে শিক্ষার্থীরা পৌঁছালে ছাত্রলীগ নেতাকর্মীরা মানব ব্যারিকেড দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মানব ব্যারিকেড ভেঙে হলের ফটকের দিকে অগ্রসর হলে গেটের সামনে অবস্থান নেওয়া ছাত্রলীগ কর্মীরা তাদের ওপর আসবাবপত্র দিয়ে আক্রমণ করে। এতে আহত হন দুজন শিক্ষার্থী।

তারা হলেন ৪৯ ব্যাচের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের আহসান লাবিব এবং ৫১তম ব্যাচের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সোহাগী সামিয়া। সোহাগী সামিয়াকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ‘আমরা যখন হলগেট থেকে ফিরে এসে ফাঁকা স্থানে বিশ্রাম নিচ্ছিলাম তখন হলের ছাদ থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময়ই একটি ইটের ভাঙা অর্ধেক অংশ আমার পায়ের ওপর এসে পড়ে। পরে আমাকে মেডিকেলে নিয়ে আসা হয়।’

অন্য ভুক্তভোগী আহসান লাবিব বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সব হলের সামনে বিক্ষোভ মিছিল শেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে এসে উপস্থিত হই। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের হল গেটে যেতে বাধা দেয়। আমরা শিক্ষকের সঙ্গে কথা বলতে গেলে আমাকে সামনে থেকে প্রথমে মাথায় ঘুসি দেওয়া হয়। পরে আমার বুকেও আঘাত করে তারা। এতে আমি মাটিতে পড়ে যাই এবং আমার শ্বাসকষ্ট শুরু হয়। পরে আমি ক্যাম্পাস মেডিকেলে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি।’

এ বিষয়ে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক মাহফুজ ইসলাম মেঘ বলেন, ‘আমরা রাত ১১টার দিকে খবর পাই আমাদের কোটা সংস্কার আন্দোলনের দুজন সাধারণ শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্মীরা অতিথিকক্ষে নিয়ে র‍্যাগিং করছে। এটা জানামাত্রই আমরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে এসে উপস্থিত হই। প্রভোস্টের কাছে আমরা সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শাস্তির আওতায় আনার অনুরোধ করলেও তিনি আমাদের কোনোরকম সাহায্য করেননি। উল্টো আমাদের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে হল গেটের দিকে অগ্রসর হলে ছাত্রলীগ মানব ব্যারিকেড দেয়। মানব ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হলে তারা হলগেটে আমাদের চেয়ার-টেবিল দিয়ে আঘাত করে এবং ছাদ থেকে ইটপাটকেল ছুড়ে দেয়। এতে আমাদের দুজন শিক্ষার্থী আহত হয়।’

এ বিষয়ে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেল বলেন, ‘আমরা বলছিলাম নির্যাতনকাণ্ডে যারা জড়িত সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করতে। কিন্তু হল প্রভোস্ট ছাত্রলীগের সঙ্গে মিটিং করে আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করিয়েছেন। ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের ওপর আক্রমণ করলে দুজন আহত হয়। এর মধ্যে সোহাগী সামিয়াকে এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ হামলার দায় প্রশাসন এড়াতে পারে না।’

এ বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর হলের হল প্রভোস্ট অধ্যাপক নাজমুল হাসান তালুকদার বলেন, ‘আমি এ ঘটনার পরই শিক্ষার্থীদের চাওয়ার প্রেক্ষিতে পদত্যাগ করেছি। এখন আমার কাছে জানতে চাইলে আমি তথ্য দিতে পারব তবে আমি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখি না। হলে ৪৩, ৪৪, ৪৫ তম ব্যাচের শিক্ষার্থীদের অবস্থানের কথা আন্দোলনকারী শিক্ষার্থীরা বললেও আমি তাদের উপস্থিতি পাইনি।’

এ বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলমগীর কবিরকে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা