কোটা সংস্কার আন্দোলন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ০০:১০ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৪ ১১:০২ এএম
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে চবি শিক্ষার্থীরা। প্রবা ফটো
চলমান কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও এর অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে টাইগার পাস ও ২ নম্বর গেট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ চবি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ অবরোধ কর্মসূচি পালন করে তারা; যা চলে রাত ৯টা পর্যন্ত।
দাবি আদায় পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্ত কেন প্রশাসন জবাব চাই’, ‘আমার বোন আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘এসো বোন এসো ভাই, সংগ্রামে ভয় নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগানে মুখরিত রাখে চারপাশ।
শিক্ষার্থীরা বলে, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। পুলিশ কেন সেখানে হামলা করল? প্রশাসন কীভাবে পারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর এরকম হামলা করতে? আমরা প্রশাসনের কাছে এর জবাব চাই।’
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইখলাস বিন সুলতান বলেন, ‘চট্টগ্রাম মহানগরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর নগ্ন হামলার প্রতিবাদে আমরা এ অবরোধে এসেছি। একই সঙ্গে আমরা বৈষম্যমূলক কোটার সংস্কার চাই।’
বৃহস্পতিবার কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের আন্দোলনে দফায় দফায় পুলিশের হামলায় আন্দোলনের সমন্বয়কারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তালহা মাহমুদ রাফিসহ অন্তত ২০ জন আহত হয়।