‘প্রত্যয় স্কিম’ নিয়ে শিক্ষকদের আন্দোলন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ২১:৫৪ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪ ২১:৫৭ পিএম
ফাইল ছবি
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলসহ তিন দফা বাতিলের দাবিতে গত ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। এর বাইরে সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনও দাবিও তাদের। বিষয়টি নিয়ে গত দুইদিন থেকে সমঝোতার আভাস মিললেও এখনও তা হয়নি।
সাপ্তাহিক ছুটির দিন থাকায় শুক্রবার (৫ জুলাই) ও শনিবার (৬ জুলাই) শিক্ষকদের আন্দোলন স্থগিত থাকবে। রবিবার (৭ জুলাই) থেকে ফের কর্মবিরতিতে নামবেন শিক্ষক নেতারা।
শুক্রবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক আখতারুল ইসলাম বলেন, ‘আমরা প্রত্যয় স্কিম বাতিলসহ তিন দফা দাবির বিষয়ে অনঢ়। পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী রবিবারও আমরা সর্বাত্মক কর্মবিরতি পালন করব।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে বৈঠকটি অনিবার্য কারণবশত হয়নি। এরপর নতুন করে সরকারের পক্ষ থেকে আর কোনো যোগাযোগও করা হয়নি।’