× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল আটকে রাখলেন শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৬:৩০ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৪ ১৭:১১ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল আটকে দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবস্থান। প্রবা ফটো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল আটকে দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবস্থান। প্রবা ফটো

সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে কুমিল্লার কোটবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক টানা তিন ঘণ্টা অবরোধ করে রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। তিন ঘণ্টা যান চলাচল আটকে রাখার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে মহাসড়ক ছাড়েন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন কুবি শিক্ষার্থীরা। সেখান থেকে হেঁটে মহাসড়কে এসে দুপুর ১২টার দিকে অবস্থান নেন তারা।

শিক্ষার্থীরা জানান, দাবি মেনে নেওয়া না হলে আবারও কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা। কোটা প্রথা নিয়ে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল,  প্রতিবন্ধী ও সংখ্যালঘু জাতিসত্তা ছাড়া অন্যান্য কোটা বাতিল, তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে কোটা বাতিল এবং এসব দাবি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে রেলপথ অবরোধের হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষার্থীরা মহাসড়কে যান চলাচল আটকে রাখায় দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটে আটকে চরম ভোগান্তিতে পড়েছেন চালক-যাত্রীরা।

যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন মোহাম্মদ জুলহাস। তিনি জানান, কোটবাড়ী এলাকায় একই জায়গায় প্রায় এক ঘণ্টা গাড়ি নড়াচড়া করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মু. মুশফিকুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। এটা শুধু তোমাদের দাবি না সারা বাংলাদেশের শিক্ষার্থীদের দাবি। তোমরা যে দাবি দিয়েছ, সেটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেব।

বেলা ৩টার দিকে মহাসড়ক থেকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন জানিয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান বলেন, দাবি আদায়ের আন্দোলনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছে। তবে মহাসড়ক আটকে দেওয়ায় ভোগান্তি সৃষ্টি হয়েছিল। তারা অবরোধ তুলে নিয়েছে, যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা