বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১৪:১৩ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৪ ১৪:৩৯ পিএম
ফাইল ফটো
আগামীকাল সোমবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের জারি করা পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে এ ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
রবিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম আমাদের দাবি না মানলে সর্বাত্মক কর্মবিরতিতে যাব। কিন্তু এখন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। তাই আমরা কাল থেকে কোনো কাজ করব না, কোনো সাইন পর্যন্ত করব না।
মাশরিক হাসান বলেন, আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ে অনলাইন-অফলাইন ক্লাস হবে না, শুক্রবারেও কোনো ক্লাস হবে না, প্রফেশনাল কোর্সেরও কোনো ক্লাস হবে না।
এদিকে আজ সকাল সাড়ে ৮টা থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন এবং দুপুর ১২টা থেকে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।