× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিন্ডিকেট সভার দাবি জানিয়ে চবি উপাচার্যকে শিক্ষক সমিতির চিঠি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৪ ১৫:৫৩ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের সভার আহ্বান জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহেরকে চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মঙ্গলবার (২৫ জুন) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক এ বি এম আবু নোমানের সই করা চিঠিতে এই দাবি জানানো হয়। এতে সিন্ডিকেট সভা আয়োজন ছাড়াও শিক্ষকের ২০ পার্সেন্ট শিক্ষা ছুটির বাধ্যবাধকতা বাতিলের দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার কার্য পরিচালনা বিধির ১ এর ‘খ’ ধারায় স্বাভাবিক অবস্থায় সাধারণভাবে প্রতিমাসে একটি করে সাধারণ সভা অনুষ্ঠিত হবার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সর্বশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ৩০ নভেম্বর। এবং এক্সট্রা অর্ডিনারি সভা অনুষ্ঠিত হয়েছিল গত ১৯ মার্চ।

নানান বিতর্কের মধ্যে অধ্যাপক শিরীণ আখতারকে সরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. আবু তাহেরকে গত ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন উপাচার্য নিয়োগের তিনমাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের কোনো সভার আয়োজন করেননি এই উপাচার্য।

চিঠিতে উল্লেখ করা হয়, ১১ জুন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভায় বেশ কিছু দাবি দেওয়ার মধ্যে নিম্নোক্ত দাবি দুইটির বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে।

দাবি দুইটি হলো, দীর্ঘদিন ধরে সিন্ডিকেট সব অনুষ্ঠিত না হওয়ার কারণে অনেক শিক্ষকের পদোন্নতি আটকে আছে। এমনকি কিছু শিক্ষকের স্থায়ী নিয়োগও আটকে আছে। এইসব শিক্ষকের নিয়োগ জুনের পরে হলে তাদেরকে সার্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা সম্ভবনা রয়েছে। এমতাবস্থায় আগামী ৩০ জুনের মধ্যে এক্সট্রা অর্ডিনারি সিন্ডিকেট সভা অনুষ্ঠানের মাধ্যমে এসব সমস্যা সমাধানে জোর দাবি জানানো হয়।

অন্য দাবিটি হলো, শিক্ষকদের ছুটির বিষয়ে ২০ পার্সেন্ট বাধ্যবাধকতা থাকার কারণে অনেক শিক্ষক ছুটিতে যাওয়ার বিষয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। অথচ অনেক শিক্ষক নিজ উদ্যোগে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের মাধ্যমে ভর্তি নিশ্চিত করেছেন এবং তাদের অনেকের এমএস/পিএইচডি প্রোগ্রাম ইতোমধ্যে শুরু হয়েছে। এমতাবস্থায় ২০ পার্সেন্ট বাধ্যবাধকতার বিধান রহিত করার দাবি জানানো হয়। এটি রহিত না হওয়া পর্যন্ত শিক্ষা ছুটির আবেদনকারী শিক্ষকদের শিক্ষা ছুটি মঞ্জুর করার জোর দাবি জানানো হয়। 

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, শিক্ষক সমিতির সাধারণ সভায় শিক্ষকেরা আমাদের কাছে বেশকিছু দাবি দাওয়া জানিয়েছেন। এর মধ্যে দুইটি দাবি খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হচ্ছে না। যার কারণে অনেক শিক্ষকের পদোন্নতি আটকে আছে। এমনকি কিছু সংখ্যক শিক্ষকের স্থায়ী নিয়োগও আটকে আছে। 

তিনি আরও বলেন, আমরা শুনেছি আগামী বৃহস্পতিবার সিন্ডিকেটের একটি জরুরি সভা অনুষ্ঠিত হবে। তাই আমরা উপাচার্যকে চিঠি দিয়ে বলেছি যাতে জরুরি সভার পরিবর্তে এক্সট্রা অর্ডিনারি সভার আয়োজন করে।

এই বিষয়ে চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ বি এম আবু নোমান বলেন, শিক্ষকদের স্বার্থ বিবেচনায় সাধারন সভার সিদ্ধান্তের আলোকে উপাচার্যকে আমরা এই দুইটি দাবির বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য চিঠি দিয়েছি। আশা করি তিনি বিবেচনায় নিবেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘আমি তখন মিটিংয়ে ছিলাম। আমি তাদের চিঠির বিষয়ে শুনেছি। চিঠি পেয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা