কুবি প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৪ ১৮:১৬ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৪ ২০:৪৪ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অফিসার্স অ্যাসোসিয়েশন ৯ দফা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেওয়া এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
আগামী সাত কর্মদিবসের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না করলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দেবেন বলে জানানো হয়।
দাবিগুলো হলো- অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনের ওএসডি নিঃশর্তভাবে প্রত্যাহার করা, সহকারী রেজিস্ট্রার/সমমান পদের কর্মকর্তাদের ৭ম গ্রেড থেকে ৬ষ্ঠ গ্রেডের স্কেলে উন্নীত করা, ডেপুটি রেজিস্ট্রার/সমমান পদের কর্মকর্তারা ১ম শ্রেণির কর্মকর্তা হিসেবে সর্বমোট ১২ বছর পূর্ণ হলে সরকারি গেজেট মোতাবেক গ্রেড ৫ম থেকে ৪র্থ গ্রেডের স্কেলে উন্নীত করা, প্রশাসনিক কর্মকর্তা পদে যোগদান করা ১২ জন কর্মকর্তাকে যোগদানের তারিখ থেকে সেকশন অফিসার পদে পদায়নের ব্যবস্থা করা, অভ্যন্তরীণ প্রার্থীদের শূন্য পদে স্থায়ীকরণের ব্যবস্থা করা, আপগ্রেডেশন নীতিমালা সংশোধন কমিটি পুনর্গঠন ও তা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা, ডিউ ডেট থেকে কর্মকর্তাদের আপগ্রেডেশন কার্যকর করার ব্যবস্থা গ্রহণ, অর্গানোগ্রাম সংশোধনে কর্মকর্তা ও কর্মচারীদের অংশবিশেষ দ্রুততার সঙ্গে কার্যকর করণের ব্যবস্থা গ্রহণ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় বিভাগে (একাডেমিক ভবন) কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের পরীক্ষা পারিতোষিক দেওয়া।
এ ব্যাপারে অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ছাদেক হোসেন মজুমদার বলেন, ‘আমাদের দাবিগুলা সাত কর্মদিবসের মধ্যে মেনে নিতে হবে। যদি না মানা হয় তাহলে আমরা ৭ কর্মদিবসের পর কঠোর কর্মসূচি পালন করব।’