প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ১৭:৫৮ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২২ ১৮:১৫ পিএম
বিডিইউর নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম ও খুকৃবির নতুন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী। ছবি : সংগৃহীত
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বিডিইউতে ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম। আর খুকৃবিতে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী।
আগামী চার বছরের জন্য তাদের শর্তসাপেক্ষে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মোঃ আবদুল হামিদ। বুধবার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগের শর্তে বলা হয়েছে, ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগের মেয়াদ যোগ দেওয়ার তারিখ থেকে চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন করে অবসর নেওয়ার আনুষ্ঠানিকতা শেষে ওই মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।
এতে আরও বলা হয়েছে, উপাচার্য পদে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এ ছাড়া নিয়োগ
পাওয়ারা বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ
নিয়োগ বাতিল করতে পারবেন।