বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৪ জুন ২০২৪ ১৬:০৩ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৪ ১৬:২৯ পিএম
চট্টগ্রাম মেডিকেল কলেজ। ফাইল ফটো
ছয় মাসের ১ কোটি ২৯ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
সোমবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ, স্টেডিয়াম।
কলেজ সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে ক্লাস-পরীক্ষাসহ নানা কার্যক্রমে সমস্যার সৃষ্টি হয়েছে। কলেজের ভেনম রিসার্চ সেন্টার ও ফরেনসিক বিভাগে বড় বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। জেনারেটর দিয়ে কলেজের কার্যাক্রম সচল রাখা হয়েছে। বিল দেওয়ার জন্য সময় চেয়ে সেই পর্যন্ত সংযোগ দিতে পিডিবিকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তারা।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেন আক্তার বলেন, ‘বরাদ্দ না পাওয়ায় বিল পরিশোধ করা যায়নি। বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। পেলেই বিল পরিশোধ করা হবে। সেই পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করে সংযোগ চালু করার অনুরোধ করেছি পিডিবিকে। ওনারা আশ্বাস দিয়েছেন সংযোগ চালু করার। দুটোই সরকারি প্রতিষ্ঠান। একজনকে অন্যের সহযোগিতা করতে হবে।’
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় কী কী অসুবিধা হচ্ছে জানতে চাইলে অধ্যক্ষ সাহেন আক্তার বলেন, ‘পরীক্ষা চলছে এই কারণে ক্লাস সাসপেন্ড। একাডেমিক কাজ আমরা জেনারেটর ব্যবহার করে ম্যানেজ করেছি। তবে সবচেয়ে সমস্যা হচ্ছে ভেনম রিসার্চ সেন্টারের। এখানে সাপে কাটার প্রতিষেধক তৈরির জন্য গবেষণা করা হয়। গবেষণার জন্য এখানে প্রায় ৩৫০টি জ্যান্ত সাপ আছে। এসব সাপকে নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। বিদ্যুৎ না থাকায় সেগুলো ঝুঁকিতে আছে। এ ছাড়া ফরেনসিক বিভাগের ফ্রিজে চার বিদেশি নাগরিকের মরদেহ আছে। সেখানেও সমস্যা হতে পারে। এ ছাড়াও অতিরিক্ত গরমের কারণে কলেজের অন্যান্য কার্যক্রমও বন্ধ রয়েছে।’
পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ, ‘স্টেডিয়ামের নির্বাহী প্রকৌশলী কেনোয়ার হোসেন বলেন, প্রায় ১ কোটি ২৯ লাখ টাকা বিল বকেয়া রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের। চারটি অ্যাকাউন্টে ছয় মাস ধরে বিল বাকি। বারবার নোটিস দিয়েও কাজ না হওয়ায় আজ সকালে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে চমেক কর্তৃপক্ষ সময় চেয়ে চিফ ইঞ্জিনিয়ার বরাবর আবেদন করেছেন। আমরা সংযোগ দেব।’