বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪ ২০:৫৯ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪ ২১:৪৬ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়ার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন একাধিক নারী সহকর্মী। ২৯ মে এ ঘটনার বিচার দাবি করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিভাগের ছয় নারী শিক্ষক। তারা হলেন- প্রভাষক নাহিদা সুলতানা, রাশেদা খাতুন, শারমিন সুমি, তাহমিনা আক্তার, সাথী আক্তার ও সানজিদা তানজিম। তবে বিষয়টি এত দিন গোপন ছিল, বৃহস্পতিবার (৬ জুন) রাতে জানাজানি হয়।
অভিযোগে বলা হয়, দর্শন বিভাগের সভাপতি বিভাগের অধিকাংশ নারী সহকর্মীর সঙ্গে প্রায় সময় অবমাননা ও অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। তিনি ব্যক্তিগত কক্ষে ডেকে নিয়ে বহিরাগত ব্যক্তিবর্গ ও বিভাগীয় কর্মচারীদের সামনে অসৌজন্যমূলক আচরণ করেছেন। বিভিন্ন সময় তিনি লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য করেছেন। তার এমন আচরণের কারণে বিভাগে যথাযথভাবে কাজ করা দুরূহ হয়ে পড়েছে। এমতাবস্থায় নারী শিক্ষকগণ হেনস্থার প্রতিকার প্রার্থনা করছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক নারী শিক্ষক বলেন, ‘তিনি (আনোয়ারুল্লাহ ভূঁইয়া) একাধিকবার ব্যক্তিগত কক্ষে ডেকে অপরিচিত মানুষের সামনে অপমানসূচক আচরণ করেছেন। লিঙ্গ বৈষম্যমূলক কথা বলেছেন। আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিভাগের প্রধান কর্তৃক বারবার এ ধরনের কর্মকাণ্ডে আমরা ভেঙে পড়েছি। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।’
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আনোয়ারুল্লাহ ভূঁইয়া বলেন, ‘তাদের (অভিযোগকারীদের) বিভাগের কোনো সেমিনারে বা অনুষ্ঠানে দেখা যায় না। চেয়ারম্যান হিসেবে কোনো কাজ দিলে সব সময় অগ্রাহ্য করেন। সেদিন (২৯ মে) বিভাগে প্রজেক্ট প্রদর্শনী ছিল। দুজন নারী শিক্ষক রিপোর্ট ছাড়া প্রজেক্ট লেটার ফরোয়ার্ড করেন পিয়ন দিয়ে। তখন তাদের ডেকে বললাম আমি বিভাগের চেয়ারম্যান, তা ছাড়া তোমাদের শিক্ষকও বটে। সে হিসেবে তোমরা নিজেরাই তো আসতে পারতে। বিষয়টি যদি অসৌজন্যমূলক আচরণ হয়- তাহলে কী করব আর।’
কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ‘অভিযোগের কথা শুনেছি। তবে উপাচার্য বরাবর যে লিখিত অভিযোগ দিয়েছে, সেটা জানতাম না। বিভাগে একসঙ্গে থাকলে অনেক ধরনের সমস্যা হয়। উপাচার্যের সিদ্ধান্তের ভিত্তিতে তদন্ত করে সমাধানের চেষ্টা করা হবে।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।