রাজশাহী অফিস
প্রকাশ : ০৬ জুন ২০২৪ ২০:৫৯ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪ ২২:২৭ পিএম
রাজশাহী মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্কুল ভিজিটিং প্রোগ্রাম’ কর্মসূচি শুরু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টায় রাজশাহী মহানগরীর ১২ থানায় একসঙ্গে এ কর্মসূচি শুরু হয়। প্রথম দিন ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ মতবিনিময় সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মাদক, ইভটিজিং, সাইবার ইস্যু, ট্রাফিক রুলস এবং সামাজিক অপরাধ যেমন বাল্যবিবাহ, যৌতুক, কিশোর গ্যাং ও মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন। স্বতঃস্ফূর্ত এ মুক্ত আলোচনা সভায় শিক্ষক ও শিক্ষার্থীরা আরএমপির কর্মকর্তাদের কাছে বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন।
মতবিনিময় সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরেন। মাদক থেকে দূরে থাকতে উপস্থিত ছাত্র-ছাত্রীদের অনুরোধ করেন। এ ছাড়া সতর্ক থেকে সামাজিকমাধ্যম ব্যবহারে পরামর্শ দেন। কেউ সাইবার অপরাধের শিকার হলে কীভাবে প্রতিকার পাওয়া যাবে সে বিষয়ে আলোচনা করেন।
তা ছাড়া ছাত্র-ছাত্রীদের ট্রাফিক আইন জেনে ও মেনে নিরাপদে পথ চলা, নিয়ম মেনে রাস্তা পারাপারসহ প্রয়োজনে ট্রাফিক পুলিশের সহযোগিতা গ্রহণ করতে বলেন। রাস্তায় বিপদে পড়লে বা কেউ ইভটিজিংয়ের শিকার হলে আরএমপির সহযোগিতা নেওয়া বা জাতীয় জরুরিসেবা ৯৯৯ এ কল করতে বলাসহ বাল্যবিবাহ, যৌতুক, কিশোর গ্যাং ও মানব পাচার সংক্রান্ত সচেতনতামূলক পরামর্শ দেন।
নিরাপদনগরী গড়তে সামাজিক দায়বদ্ধতা থেকে আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নির্দেশে এ কর্মসূচি গ্রহণ করা হয়। প্রোগ্রামের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) সাবিনা ইয়াসমিন। স্কুল ভিজিটিং প্রোগ্রাম কর্মসূচিতে বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা, বিট অফিসার, শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
নগরীর ১২ থানার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ভিজিটিং প্রোগ্রাম পর্যায়ক্রমে চলবে।