বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৪ ২০:২৩ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৪ ২০:৫৮ পিএম
কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে বাতিল হওয়া কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় কোটা পদ্ধতি বাতিলের দাবিতে নানা স্লোগান দেন তারা।
স্লোগান শুনে লাইব্রেরিতে অবস্থানরত শিক্ষার্থীরা বেরিয়ে আসেন।
এ সময় ‘কোটা পদ্ধতি পুনর্বহাল, মানি না মানব না’, ‘কোটা পদ্ধতির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি নানা স্লোগান দেন তারা।
সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (নবম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বাতিলসংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
ওই পরিপত্র অবৈধ ঘোষণার ফলে এখন মুক্তিযোদ্ধা কোটায় নবম থেকে ১৩তম গ্রেডে নিয়োগ দেওয়ায় আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
অবশ্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান বলেছেন, নির্দেশনা সাপেক্ষে আপিল বিভাগে আবেদন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।