× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উলু ফুলের শুভ্রতার ছোঁয়ায়

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

প্রকাশ : ০১ জুন ২০২৪ ০৯:২২ এএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে উলু ফুল। সম্প্রতি তোলা। প্রবা ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে উলু ফুল। সম্প্রতি তোলা। প্রবা ফটো

প্রকৃতিতে চলছে গ্রীষ্মকাল। জ্যৈষ্ঠের মধ্যভাগে কখনও কাঠফাটা রোদ কখনও-বা মেঘাচ্ছন্ন আকাশ। এ সময়ে বিস্তীর্ণ খোলা মাঠে দেখা যায়, দক্ষিণা বাতাসে দোল খাচ্ছে সাদা কাশফুলের মতো এক ফুল। শুভ্রতাই যে ফুলের পরিচয়। কাশফুল ভেবে অনেকে ভুল করলেও এ সময়ে খোলা মাঠ বা নদীর ধারে ফুটে থাকা এ ফুলের নাম উলু ফুল। 

বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে চোখে পড়বে চারদিকে শুভ্রতা ছড়াচ্ছে উলু ফুল। গ্রাম ও শহরের মিশ্র পরিবেশে তৈরি সবুজে ঘেরা ৫৫ একরের বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উজ্জ্বল হয়ে আছে উলু ফুলের শুভ্রতায়। দূর থেকে দেখে মনে হয়, রোদের কিরণে যেন ঝলসে যাচ্ছে মাঠ। 

‘উলুবনে মুক্তা ছড়ানো’ বাগ্‌ধারার কথা আমরা সবাই জানি। কিন্তু উলুবন বা উলু ফুল কয়জনে চেনেন। আগেও হয়তো দেখেছেন অনেকে, তবে চিনতে হয়তো পারেননি। উলু দেখতে কাশফুলের মতো হলেও, আকারে অনেক ছোট। এটি ঘাস প্রকৃতির। যা উচ্চতায় কয়েক ফুট পর্যন্ত লম্বা হতে পারে। পাতাগুলো গাছের গোড়ার কাছে প্রায় ২ সেন্টিমিটার চওড়া এবং শীর্ষে একটি তীক্ষ্ণ বিন্দু পর্যন্ত সরু হয়; মার্জিনগুলো সূক্ষ্মভাবে দাঁতযুক্ত এবং ধারালো সিলিকা স্ফুটিক দ্বারা এম্বেড করা হয়। এর বাংলা পরিচিতি উলু হলেও বৈজ্ঞানিক নাম, এম্পারাটা সিলিনড্রিকা (Imperata cylindrica)। বহুবর্ষজীবী রাইজোমেটাস ঘাসের এ প্রজাতির আরও কয়েকটি নাম রয়েছে। যার মধ্যে রয়েছে ব্লাডি গ্রাস, কগোন গ্রাস, কুনাই গ্রাস, জাপানি ব্লাডগ্রাস। এটি গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় এশিয়া, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং দক্ষিণ ইউরোপে এ ঘাস দেখা যায়। এ ছাড়াও ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলেও এর দেখা পাওয়া যায়। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠের দিকে তাকালে চোখে পড়ে, দখিনা হাওয়ায় ঢেউ খেলে উলু ফুলগুলো প্রকৃতির অপরূপ লীলাখেলায় মেতে উঠেছে। মধ্য গ্রীষ্মের এই সময়ে পুরো ক্যাম্পাসের চেহারাই যেন বদলে দিয়েছে উলু ফুল। বছরের ছয়টি ঋতুতেই ফুলে ফুলে সুশোভিত থাকে দক্ষিণের এ বিদ্যাপীঠ। প্রকৃতির পালাবদলে রঙ-বেরঙের এসব ফুল দ্যুতি ছড়ায় প্রতিদিনই। হৃদয়কাড়া এ সৌন্দর্যের মুগ্ধতা আর স্নিগ্ধতায় ভরে যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, খেলার মাঠ, বিভিন্ন চত্বর।

কথা হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিও মন্ডলের সঙ্গে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মানে মনের ভিতর একটা অন্য রকম আবেগের স্থান। সেই ক্যাম্পাস যদি সবুজে বিলীন এবং বিভিন্ন ফুলের সমারোহে ভরপুর থাকে তাহলে শরীর ও মন এমনিতেই প্রফুল্ল থাকে। ক্যাম্পাসে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফুলের রূপের মায়ায় পড়লেও, উলু ফুল আমাদের মনে শুভ্রভাব জাগ্রত করে। যেন হৃদয়জুড়ে সবকিছু পবিত্র হয়ে গেছে। 

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উপমা দত্ত বলেন, জৈষ্ঠের ঝড়-বাদলের দিনগুলোয় বৃষ্টিস্নাত বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সজীবতার ছোঁয়া পেয়েছে। চারদিকে যেন সবুজের সমারোহ। মাঠের সবুজ ঘাসে দৃশ্যমান হয়ে উঠেছে দৃষ্টিনন্দন উলুবন। সবুজ প্রকৃতিতে ভিন্ন রূপ ছড়াচ্ছে এই সাদা ফুলের দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা