গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪ ১৫:৫৬ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪ ১৬:৩৭ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ‘পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত’- এমন ভুয়া বিজ্ঞপ্তি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এমন প্রতারণামূলক সংবাদ বিজ্ঞপ্তি প্রচারের বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এজন্য গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রেমাল দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার বিষয়ে আবহাওয়া সংবাদ সম্পর্কে অবহিত হয়ে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে জাতীয় বিশ্ববিদ্যালয় গত ২৬ মে’র অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়। ওই বিজ্ঞপ্তি সব গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু সাইবার অপরাধীদের একটি সংঘবদ্ধ চক্র বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার হীন প্রয়াসে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সংবাদকে বিকৃত করে প্রচারণা চালিয়েছে। যার সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি দিয়েছে। এহেন প্রতারণামূলক সংবাদের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেছে।
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় মানচিত্রসম প্রতিষ্ঠান। দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ শিক্ষার্থীর দায়িত্বপালনকারী পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আশা করে যে, এই প্রতিষ্ঠানের ৩৫ লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যতের কথা ভেবে কেউ যেন ক্ষতিকর ও অবমাননাকর কার্যক্রম না করে সেজন্য সবাইকে অনুরোধ করা হলো। আর জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সব তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) অনুসরণ করার জন্য আহ্বান করা হলো।