দিলারা হাফিজ
প্রকাশ : ০৪ মে ২০২৪ ১৫:২২ পিএম
আপডেট : ০৪ মে ২০২৪ ১৬:১৫ পিএম
কেন, জল ভালোবাসি
আমি জল ভালোবাসি
মায়ের ভেতর সৌম্যজল
জল করে ছলবল
জলের ভেতর মা কারিগর
কাঁপছে টলমল।
নিরলস সে সৃষ্টিশীল
বানায় আমার ডামি
আট কুঠুরি নয় দারোজা
পাহারায় অন্তর্যামী।
নাভীমূলে রক্তজবা
হাসি-কাঁদি জলেই বেশ
জলই আমার খাদ্য মাগো
জলেই আমার দেশ।
জলের মধ্যে খেলা করি
জলে ঘুমাই, জলেই নাচি
জলের ভেতর শুয়ে-বসে
মাগো, তোর রক্ত শুষে বাঁচি।
জল ছেড়ে যেই পাতাল ট্রেনে
মর্ত্যে নেমে আসি
চোখের তারায় বিশ্ব দেখি
এক দেখাতে তোকেই ভালোবাসি।
ভেঙেচুরে নতুন আমি
মায়া-মমতায় জড়াই
ছলকে ওঠে জলের মুখ
বস্তুজ্ঞানে হারাই।
জীবন বুঝি—জলের নামে
বদ্ধপরিকর
জল ছাড়া আজ সকলি যে
দারুণ শুভঙ্কর!
জলে সৃষ্টি জলে বৃষ্টি
জলে ধরাধাম
জলেই ফোটে জীবন-পদ্ম
মানুষ যে তার নাম!