হাসনাত মোবারক
প্রকাশ : ১৫ মিনিট আগে
দরজার সামনে দাঁড়াতেই শোনা গেল ‘অভিমান কেবল ভাঙনই আনে। সে এমন অভিমানী আজকের নয়!’ কথাটা বলেই কবি আলফ্রেড খোকন আমার দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, ‘একজন কবির কাছে আসতে মিয়া আরেকজন কবির এত ফরমালিটিজ কিসের।’
তাই তো! কবি বলেই তো তার অফিসকক্ষের টেবিলে ফাইল কম, বেশিটুকু জায়গা দখল করেছে বই এবং বই। পবিত্র সরকার, রণজিৎ দাশ, শঙ্খ ঘোষ, মার্কেজ, আবুল হাসান, রফিক আজাদ, পাবলো নেরুদাসহ দেশ-বিদেশি লেখকের কত যে বই!
বলি, ‘ঠিক আছে খোকন ভাই। অফিসিয়াল একটা ব্যাপার আছে না।’
নির্দেশকসূচক দৃষ্টিতে ঘরটিতে পাতা সোফায় আমাকে বসার আহ্বান করলেন। হাসতে হাসতে বলেন, ‘আমি এই চেয়ারেও কবি, রাস্তায়ও কবি। কবির কাছে আরেক কবির অ্যাক্সেস সব সময়ই।’ কথাগুলো শেষ করে তিনি আমাকে বললেন, ‘তুমি ভালো সময় এসেছো। এই হলো এপি শুভ। মিউজিক ডিরেক্টর। কবিদের কবিতা নিয়ে গানের সিরিজ করার প্ল্যান নিয়ে আসছে।’
পরিচালকের সঙ্গে কুশল বিনিময়ের জন্য হাত বাড়াতেই কবি আমার নাম উচ্চারণ করে বললেন, ‘শুভ, এ হলো আমাদের খুব কাছের অনুজ। সে-ও কবি। প্রতিদিনের বাংলাদেশের সাহিত্য দেখে।’
এরপর কবি আমাকে জিজ্ঞেস করেন, ‘দাদা, কেমন আছেন? আজ গেছিলা?’
উত্তরে বলি, ‘না, খোকন ভাই।’
‘অহ! দাদা কি এখন খুব ব্যস্ত?’ বলে তিনি এপি শুভর দিকে তাকিয়ে বলেন, “বুঝছো! দাদা মানে শিল্পী ধ্রুব এষ। সামনে বইমেলা। মেলার সময় তো আর বেশিদিন নেই। এই হাসনাত, তোমাকে কী বলছি! আমার ‘আলের পাড়ে বৈঠক’ এবার রিপ্রেন্ট হচ্ছে দশমিক থেকে।”
হ্যাঁ-সূচক মাথা নাড়ালাম। এপি শুভ বলে ওঠেন, ‘খোকন ভাই। আপনার কবিতার বই কই পাওয়া যাবে?’
সঙ্গে সঙ্গে তিনি তাকে জবাব দেন, ‘দাঁড়াও। এখানে পাই কিনা।’ বই খুঁজতে খুঁজতে তার সম্পাদিত লিটল ম্যাগাজিন ‘নন্দন’-এর একটা কপি হাতে নিয়ে আমাকে বলেন, ‘এটা আছে তোমার কাছে? নেই। থাকার কথা না। প্রায় বিশ বছর আগে প্রকাশিত। ধরো, লয়ে যাও।’
এরপর যার জন্য বই খুঁজছিলেন, তাকে জানালেন, এবার বইমেলায় তার সব কয়টি কবিতার বই থেকে বাছাই করা কবিতা নিয়ে ‘নির্বাচিত কবিতা’ বাতিঘর থেকে রিপ্রেন্ট হবে। এরপর কবি আমাকে বললেন, ‘এই তোমার চা/কফি এসেছে কিছু?’
বলি, ‘হ, ভাই। খেয়ে শেষ করেছি।’
কথাটি শোনার পর তার চোখে-মুখে পরিতৃপ্তির হাসি লক্ষ করলাম।
মনে মনে ভাবতে থাকি, ঘরটিতে ঢোকার সময় শুনতে পাওয়া ওই গল্পের মোড় কি আমার কারণেই ঘুরে গেল!
এর মধ্যে এপি শুভকে উদ্দেশ করে বলেন, ‘বুঝছো, সিনিয়র কবি যারা মারা গেছেন, তাদের কবিতা থেকে গান করার পারমিশন নিতে গেলে একটু প্যারা আছে। কেউ কেউ অনেক টাকা দাবি করে বসতে পারেন। ধরো, রফিক আজাদ ভাই বেঁচে থাকলে তাকে শুধু উদ্যোগের কথা জানাতাম। নতুন একটা গান লিখে ফোন করে বলতেন নিয়ে যাও।’ কথাগুলো বলে কবি আমার দিকে তাকিয়ে বললেন, ‘মিয়া, আমরা এমন স্নেহ পাইছি অগ্রজদের কাছে। তোমাদের জন্যও আমরা ভালোবাসা নিয়ে বসে আছি।’ মুহূর্তেই এক পশলা হাসি ঘরময় ছড়িয়ে পড়ল। হাসি থামলে বলি ‘খোকন ভাই, গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়াই জলের গাড়ি...।’ Ñএটা মারজুক ভাইয়ের না?
হাসতে হাসতে বলেন, ‘এ গান আমার শোনা হয় নাই। কিন্তু গানের শব্দগুলো তো মারজুকের। অন্য কারোর হওয়ার কথা নয়।’
আমি যোগ করে বলি, ‘হ্যাঁ। মারজুক ভাইয়ের। পান্থকানাই গাইছেন।’
খোকন ভাই তখন বলেন, “শোনো। আমি জানি তোমাদের অনেকের কাছে মারজুকের ‘মীরাবাঈ’ প্রিয়। খুব প্রিয়। কিন্তু আমার কাছে ওর কোন গানটা প্রিয়, জানো? এটাও ব্যাপক জনপ্রিয়। ওই যে, বাহির বলে দূরে থাকুক/ভিতর বলে আসুক না...। Ñএটা কিন্তু আমার দারুণ প্রিয় গান। তবে এর মানে এই নয় ওর অন্য গান ভালো না? আসলে পছন্দের ব্যাপার ম্যান টু ম্যান ভেরি করে। তুমি আসার আগ মুহূর্তে একজন শিল্পীর কথা ওর কাছে বলতেছিলাম। যে শিল্পী দারুণভাবে আমার লিরিকের প্রতি দুর্বল পড়ছিল। শিল্পী তার ওই উচ্ছ্বাসের কথা আমাকে জানানোর পর আর কি! লিরিক লিখলাম। দিলাম। শিল্পী সুর করে আমাকে শোনায়। শুনে আমি আনমনে কমেন্টস করছিলাম। ওই শিল্পীকে বলি নাই অবশ্য। ডিরেক্টর যে ছিল তার কাছে বলছিলাম, গান তো আমার কেন যেন কানে লাগে, হৃদয়ে লাগে নাই। বুঝছো তো? এরপর যা হওয়ার হইল। শিল্পী আমার সে গান থেকে সরে পড়ল। ওই যে গেল। এরপর শিল্পী আমার সঙ্গে আর যোগাযোগ রাখেনি। স্টিল নাউ। বুঝছো তো, অবজ্ঞা করলে প্রেম থাকে না। এই প্রেম মানে অন্য কিছুই ধইরা নিও না আবার। প্রেম তোমার নানা রকম হতে পারে। ধরো, লেখার প্রতি তোমার প্রেম আছে। এ-ও এক গভীর প্রেম। যেটাকে তুমি অবজ্ঞা করতে পারো না। একটা লেখার ভাবনা তোমার মাথায় আসার সঙ্গে সঙ্গে তাকে আদর করে লিখে রাখতে হয়। লেখা লিখে না রাখলে পালায়। আর আসে না।” এ কথাগুলো বলার সময় দেখি তিনি বেশ আবেগ-কাতরতায় ডুবে গেছেন। বলি ‘কী দারুণভাবেই না বললেন খোকন ভাই!’ তার অনুমতি চাই ভিডিও করার জন্য। বলেন, ‘ভিডিওর মধ্যে সিরিয়াস আড্ডা হয় না। বরং আমার যে গানটি শিল্পীর গাওয়া হয়নি। সেটার গল্প শোনো। ভেবো না গানটি উনি গাইলেই যে বৈষয়িকভাবে আমার খুব উন্নতি হতো, সে ভাবনা থেকে বলছি না। আমার ওপর তার পুঞ্জিভূত অভিমানের বিষয়টির কথা মনে হতেই তোমাদের কাছে এখন বলা। শিল্পীর নাম অফ দ্য রেকর্ড রাখবা। আমার বেলা থেকে তার নাম প্রকাশ করতে কোনো আপত্তি নেই। কিন্তু সে খুব অভিমানী মেয়ে। বুঝলা না মিয়া, ওই এক ঘটনায় সে চিরদিনের জন্য যোগাযোগ বন্ধ করে দিছে। শুধু আমার বেলায়ই নয়, তার অন্যান্য অভিমানের খবরও অনেকেই জানে। তো কি দরকার আছে বলো তাকে আবার নতুন করে আরেকটা অভিমানের জালে জড়ানোর। বুঝছো তো।’ বলে কবি চুপ হয়ে রইলেন। কিছু সময় পর সেই লিরিকটা শোনার আগ্রহ প্রকাশ করতেই কবি বললেন,
‘কারো সঙ্গে কেউ মেলে না,
মেলে একেলা
সকাল-সন্ধ্যা বন্ধু তোমার
যোগ-বিয়োগের খেলা
মিলের সঙ্গে অমিল দিয়ে
একটা জীবন চলা...’ বলে কবি হাসতে থাকেন। বলেন, ‘আমাদের মধ্যে সে সময় গান ফলতেছিল কামুর (কামরুজ্জামান কামু) হাতে। ধরো, তোমার বাড়ির রঙের মেলা, রিকশা কেন আস্তে চলে না, হাতের ওপর হাতের পরশ রবে নাÑ এগুলো ওর হিট গান।’
কবি দাপ্তরিক কাজে নিয়োজিত হলেন বেশ কিছু সময়ের জন্য।
কাজ শেষে তিনি নিজেই আরম্ভ করলেন ‘আমার গান অনেক শিল্পীই গেয়েছেন। একদিন সঞ্জীব দার সঙ্গে সাকুরার নিচে দেখা। আমাকে ডেকে বললেন, তোমার গান তো অনেকেই গাচ্ছে। আমাকে গান দাও। মুখস্থ আছে? আদেশের স্বরে নিয়ে গেলেন সাকুরায়। কাগজ-কলম দিয়ে আমার কাছে থেকে মুখস্থ গান লিখে নিলেনÑ
মাঝনদীতে বৃষ্টি আসে
আমার করে ভয়
সে কি মেঘের কিছু হয়…
এরপর দেখা হতেই গুন করে গাইলেন সে গান। সঞ্জীব চৌধুরীকে যারা কাছ থেকে দেখেছেন, তারা তার বিষয়টি জানেন। উনি কেমন ছিলেন! হাঁটতে, হাঁটতে, খাইতে, নাইতে গুন গুন করে গানের রিহার্সাল করতেন। তো সেদিনও আমাকে গান শুনিয়ে জিজ্ঞেস করলেন, কি পছন্দ হইছে? বললাম, আপনি আবদুল করিমের গান গেয়েছেন। সেই শিল্পীর কণ্ঠে আমার গান! এর চেয়ে আনন্দ আর কি আছে? ফাইনালি দাদা আমার গান কিন্তু রিলিজ করে যেতে পারলেন না। সে বছর নভেম্বরে সিডর হলো। সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে গেল। সিডরের রাতেই সঞ্জীব দা চলে গেলেন। আমারও সারা জীবনের জন্য আফসোস রয়ে গেল।’