× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কথার ঝুলিঅলা লোকটা

শেখ লুৎফর

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ১২:৫১ পিএম

কথার ঝুলিঅলা লোকটা

অঘ্রান মাসের শেষদিকে শিল-পাটা কাটা সেই লোকটা রসুলপুর গ্রামের কাজীবাড়িতে আবার আসে। ঢ্যাঙঢ্যাঙা লম্বা, রোদে পোড়া, হাড়গিলা মানুষ। পরনে রঙজ্বলা, মোটা কাপড়ের খলখলা-ঢোলা একটা ইজার, গায়ে একটা লাল টি-শার্ট। মাপে ছোট হওয়ায় ব্লাউজের মতো কামড়ে ধরেছে। রোদে পোড়া পাটল রঙের চুলগুলো কাঁধ ছুঁই ছুঁই। তাকে দেখলেই লোকজনের হাসি পায়। শিশুরা দেখা মাত্র হাততালি দিয়ে নাচতে থাকে আর চিৎকার পাড়ে, হ্যামিলনের বাঁশিওয়ালা! হ্যামিলনের বাঁশিওয়ালা! লোকটা ফ্যাকফ্যাক করে হাসে।

মানুষটা বাইরে যতটা খসখসা-রুক্ষু আর অগোছালো, ভেতরে ভেতরে সে ততটাই রসালো, সাজানো এবং সৃজনশীল। শাস্ত্র-শ্লোক, গান-কবিতা, কিচ্ছা-কাহিনী আর অভিজ্ঞতার জাহাজ। শিল-নোড়ার পাথরের বুকে লোহার ছেনা ঠুকঠুক শব্দ তুলে গুটিবসন্তের ছোট ছোট দাগের মতো গর্ত বানায়, সারিবদ্ধভাবে লম্বা হয় আর তার মন তেলাপিয়া মাছের মতো গপ্পের ডিম ছড়ায়। সত্যের মোড়কে মিথ্যা তার পুঁজি। 

কয়েক জোড়া শিল-নোড়ার কাজ করতে করতেই বেলা পড়ে যায়। পেঁয়াজ-আদা-রসুনের জন্য ঘরে ঘরে ব্লেন্ডার, বাজারের গুঁড়া মসলা, তবু গ্রামের গিন্নিদের কাছে শিল-পাটার কদর একটুও কমেনি। 

মস্তবড়ো বাড়ি, অনেকগুলো শরিক। সেজন্য বাকিগুলো শান না দিয়ে যেতে পারে না। তাই বোঁচকাবাচকা নিয়ে ঠাঁই পায় বাতিল হয়ে যাওয়া পুরনো দিনের মাটির দালানে। খবর পেয়ে আশপাশের পাড়াগুলো থেকেও পূর্বপরিচিত ভক্তদের কেউ কেউ এসে আসরে বসে পড়ে। মোবাইল ও মিডিয়াবাজির এ যুগেও রাত আটটার পর গল্পবাজ লোকটা আসর জমিয়ে ফেলে। শ্রোতারাও ভিন্ন কিছুর স্বাদে গলা টানটান করে তার তামাটে রঙের মুখের দিকে গভীর উৎসাহে তাকিয়ে থাকে।

মানুষটার বাড়ি গ্রামের আঁকাবাঁকা ছোট্ট এক নদীর পাশে। এককালে গ্রাম্য কিশোরীর মতো চপলমতি আর নির্ভার ছিল নদীটি। কালের চক্করে এখন মৃত। শুকনো বুক জুড়ে পলিথিন-প্লাস্টিকের আবর্জনা, পোল্ট্রির বিষ্টা, মাঝে মাঝে জগদ্দল পাথরের মতো বালুচর। তাকাতেও মন চায় না। 

আশপাশের দশ-কুড়িটা জেলা সে পায়ে পায়ে ঘুরে বেড়ায় বিশ-পঁচিশ বছর। এককালে দেশটায় কত নদী ছিল! স্বচ্ছ জলের অতলে কিলবিল করত শুমারহীন মাছ। এখন কোনোটার বুকে গজিয়ে উঠেছে শহর-বাজার কিংবা গড়ে উঠেছে মিল-ফ্যাক্টরি, ফসলের ক্ষেত। কোনো কোনোটার অস্তিত্ব সম্পূর্ণ চাপা পড়ে গেছে বড় বড় গ্রাম কিংবা পাকা রাস্তার নিচে! 

জন্ম থেকেই নদীময় ছিল তার জীবন। তাই দেশের নদীগুলোর দিকে তাকালে কান্না পায়, বুক চিরে বড় বড় দীর্ঘশ্বাস আসে। সংগত কারণেই গল্প এগিয়ে যায় সেদিকে। আজকের বিষয় : রসুলপুরের মাঠের মধ্যে হারিয়ে যাওয়া সোনাখালী নদীর কথা। ফেইসবুক-ইউটিউবে অভ্যস্ত শ্রোতাদের মন-মাত করতে হলে তো খাল-বিল-নদী দিয়ে চলবে না। একালে মদ-মেয়েলোক হাত বাড়ালেই পাওয়া যায়। তাই প্রেম-কামও পচে গেছে। 

এখনও বর্ষা এলে কোথাও কোথাও রেখার মতো জেগে ওঠে মৃত নদী সোনাখালী। তারপর কার্তিক মাস এলে কৃষকরা আলু-সরিষা-বাদাম চাষের প্রস্তুতি সেরে ফেলে। 

কথক এতক্ষণে গল্পের মুখ ঘুরিয়ে দেওয়ার পথ পায়। তাই সে বলতে থাকে : পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার বাহিনী হেরে যাচ্ছে! এই খবর প্রচারের সাথে সাথে রাজপ্রাসাদে হুলস্থুল কাণ্ড শুরু হয়। অন্দরমহলের দাসদাসী, সুন্দরী মেয়ে-মহিলাগণ দৈব খবরের দাপটে বিভ্রান্ত, বেদিশা। আমির-উমরাহ, আমলা-কামলারা ঘোড়ার জিন টাইট করছে। আপাতত মুর্শিদাবাদ থেকে পালাতে হবে। বাঙালির মুখে মুখে একটা কথা আছে না? কার পুটকি কে মারে ধুলায় অন্ধকার! তেমনি দশা রাজধানী মুর্শিদাবাদের।

গল্পবাজ পিটপিট করে শ্রোতাদের দিকে তাকায়, খোঁচাখোঁচা দাড়ি-গোঁফের আড়ালে একটু হাসে। তারপর আবার শুরু করে : প্রাসাদের এক বিশ্বস্ত নফর আলমত খাঁ। লোকটা যেমন সাহসী তেমনি চতুর ও চাটুকার ছিল। জগতের সকল জাতের মানুষের সাথে ছিল তার মহব্বত। তার ইয়ারদের মধ্যে একজন ছিল উজবেক দেশের। নবাবের তোষাখানার রক্ষী। তাই রত্নভান্ডারের আন্ধিসান্ধি আলমত খাঁর জানা ছিল। প্রাসাদে হুলস্থুল কাণ্ড শুরু হতেই সে হয়ে ওঠে এক বাজপাখি! অরক্ষিত রেখেই ইংরেজদের ভয়ে রক্ষীরা পালিয়েছিল। লাল সাহেবদের শরীরে পাঁঠার মতো বোঁটকা গন্ধ আর চাবুকের কথা তারা জানত।

আলমত খাঁ চোখের পলকে কয় বস্তা মোহর-মনিমাণিক্য একটা ছিপ ডিঙিতে বোঝাই করে মারমার করে ছুটতে থাকে পদ্মা নদীর ভাটির দিকে। ছয়জন মাল্লা দাঁড় টানছে। ডিঙি এগোচ্ছে বাতাসের বেগে। মাঝিদের সাথে তার চুক্তি : নিরাপদে পৌঁছে দিতে পারলে মাথাপিছু দশ মোহর। চার কড়িতে এক দাম। দশ দামে এক টাকা। নয় টাকা সমান এক আকবরি মোহর।

আসরে কবরের নীরবতা বিরাজমান। সোনা-রুপার ঝনঝন শব্দে সবার চোখ চকচক করছে। চিরকাল মানুষ টাকার কাছে বন্দি। টাকা আবিষ্কারের পর থেকেই মানুষের পচন ধরেছিল। কথক বটতলার কবিতার সুরে গাইতে থাকে :

টাকা যার মান তার,

টাকা যার বল তার,

টাকা যার বেহেশস্ত ও হুর-গেলমান তার। 

লোকটা দর্শক-শ্রোতাদের মুখ দেখেই ভাব বুঝে নেয়। তারা শুধু সোনাদানার কথা শুনতে চায়। তাই আবার শুরু করে : ঘটনার আভাস পেয়ে আলমত খাঁর পিছু নেয় মীরজাফরের ছোট ছেলের একনিষ্ঠ এক চামুণ্ডা। ফন্দিমতো লর্ড ক্লাইবের কামানের গর্জন শুনে জাফর আলী সাহেবের পুত্র ইংরেজদের উপঢৌকন দেওয়া বিলাতি বোতল নিয়ে বসেছিলেন সেই সকালে। দুপুরের পর বিজয় সংবাদ পেয়ে মাতাল ও আধাউলঙ্গ বীরপুরুষটি তুর্কিস্তানের এক সুন্দরীকে বগলদাবা করে নৃত্য শুরু করে দেয়। 

চেলাটির সাথে বহু লোকলস্কর। বিলাতি মদের স্বাদে তারা প্রত্যেকেই মাতাল। নৌকাটিও ছিল ছোটখাটো একটি প্রমোদ তরী। তাই তাকে তারা অনুসরণ করছিল পেটুক ছেলের মতো হেলেদুলে। তাড়া-করা লোকগুলোকে অনেক পেছনে ফেলে আলমত খাঁর ডিঙি তরতর করে এগিয়ে যেতে থাকে। মাঝিদেরকে সে বারবার দশ মোহরের কথা মনে করিয়ে দিচ্ছিল। তাই পদ্মার বুকে ছয়টি দাঁড়ের বৈঠা পড়ছিল ঝুপঝুপ আর নাও চলছিল পবনের বেগে। 

এক রাত চলার পর ক্লান্ত আলমত খাঁ ডিঙি নিয়ে ঢুকে পড়েছিল ছোট্ট একটা শাখা নদীতে। তিন দিন তিন রাতের অঘুম আর ক্লান্তিতে শেষরাতের দিকে ঘুমিয়ে পড়েছিল। কয়েক মিনিট ঘুমের মধ্যে সেই চামুণ্ডাটার মুখ স্বপ্নে দেখে তিনি ধড়ফড়িয়ে উঠে দেখেন নাও চলছে তেমনি। নখের সমান সমতল আর বিশাল এক সবুজ দেশ। মাঠের মাঝ দিয়ে নাও ছুটছে। নদীর দুপাশে মাইলের পর মাইল পাটক্ষেত। কৃষকরা পাটক্ষেতে নিড়ানি দিতে ছোট ছোট গ্রামের দিক থেকে বেরিয়ে আসছে। তাদের পেছনে, অনেক দূরে আবছা আবছা দেখা যায় ছনবনে ছাওয়া ছোট ছোট মাটির ঘর। সামনে ছবির মতো সীমাহীন পাটক্ষেত। কৃষাণ-কামলাদের কেউ কেউ মনের আনন্দে, মধুর সুরে ভাটিয়ালি গাইছে। অথচ তারা কেউ জানে না, বাংলার মাটি তিন দিন আগেই ইংরেজরা দখল করে ফেলেছে।

বস্তা বস্তা মোহরের খবরে শ্রোতাদের চোখ জোনাই পোকার মতো জ্বলে। কথকের বয়ান জটিল ও রহস্যময় হতে থাকে। গল্পবাজ মানুষটি বলতে থাকেন : তখন দক্ষিণের কোনা থাইকা একখণ্ড কালা মেঘ উঁকি দিছে... কাহিনীর পদে পদে নাটকের উত্তেজনা। তার বর্ণনায়, একটু একটু করে নিঃশব্দে বিস্তার ঘটায় সেই মেঘ। উজ্জ্বল সকালটাকে ক্লাইবের মতো গ্রাস করে। অন্ধকার হয় দুনিয়া। শনশন করে বাতাসের সাথে এগিয়ে আসে বৃষ্টির গন্ধ, ঝড়ের মড়মড়ানি। মাঠ ছাড়িয়ে মোহরভরা ছিপডিঙি তখন গ্রামের কাছাকাছি। গ্রুমগ্রুম বজ্রপাত হতে থাকে। ইংরেজদের কামানের মতো গর্জন করে এগিয়ে আসে ঝড়! চতুর ও সাহসী আলমত খাঁ তাড়াতাড়ি নদীপাড়ের বিশাল এক বটতলায় ডিঙি নিয়ে আশ্রয় লয়। আলামত দেখে হাতে ধরা খোলা তরবারিটি দ্রুত কোশবদ্ধ করেন। একটু পরেই বটগাছে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। মটমট করে গাছের ডালগুলো ভেঙে-ছিঁড়ে উড়ে যেতে থাকে। মোহরভরা নৌকাটা প্রথমে জলপোকার মতো ঘুরতে ঘুরতে একসময় ডানা পায়, উড়তে শুরু করে। বস্তাগুলো ছিটকে পড়ে নদীতে। আর আলমত খাঁ ও মাঝিমাল্লারা ঘূর্ণিবায়ুর সাথে উড়ে উড়ে কোথায় গিয়ে যে পড়ে!

আসরটা কতক্ষণ ঝিম মেরে থাকে, যেন ভূত তাদের ঘাড় মটকে দিয়েছে! তারপর একজন-দুইজন করে সবাই ঘুম থেকে হকচকিয়ে জেগে ওঠে। নসিমপুরের ঘাড়ত্যাড়া সেই লোকটি কর্কশ গলায় জানতে চায়, এইসবের পরমান কী? পাটাকাটুরা লোকটিও কম যায় না। বহু জনপদে, অসংখ্য আসরের অভিজ্ঞতায় টইটম্বুর মানুষটা রঙজ্বলা ইজারের গোপন পকেট থেকে বের করে ত্যানার মতো এক জিনিস। বহুব্যবহারে জীর্ণ বস্তুটি সবার সামনে সে মেলে ধরে। আসরের লোকজন দেখে, চামড়ার কাগজের মোটা বুকে, হাতে আঁকা মানচিত্রের হিজিবিজি রেখায় ছোট্ট একটি নদী। ঘন ঘন বাঁক বদল করে সে এগিয়ে গেছে ভাটির দিকে। একটু দূরে দূরে, নদীটির পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল এক বটগাছ। মানচিত্রের ওপর উপুর হয়ে থাকা মানুষগুলো দেখে, বটগাছের গোড়ায় ইংরেজি অক্ষরে কীসব লেখা!

পাটাকাটা লোকটা পরদিন চলে যায়। তারপর থেকে গ্রামের মসজিদের চাতালে, চাখানায়, ফিশারির কোনাকানায় ফিসফিসানি শুরু হয়ে যায়। নবীন-প্রবীণ, বুড়া-বুড়ি সবার মধ্যেই রহস্য ঘনীভূত হয়, উত্তেজনা গোপনে গোপনে প্রতিজ্ঞায় রূপ নেয়। একজন-দুইজন করে সবাই মাঠে নেমে আসে। হারিয়ে যাওয়া নদীর বুকে হাঁটুসমান পাটগাছ, কোথাও কোথাও লাউ-কুমড়ার খামার, সেই বিশেষ বটগাছটা জানি কোথায় ছিল? 

গল্পবাজের আসরে যারা উপস্থিত ছিল, যারা মানচিত্রের সেই বটগাছটি দেখেছে, তারা এখন পরস্পর শত্রু। বটগাছের অবস্থান নির্ণয়ে সবাই এখন মাঠের মাঝ দিয়ে, নদীর রেখাটি অনুমানে ধরে, উজান-ভাটি ছোটাছুটি করছে। এরই মধ্যে গ্রামবাসী নানা গোষ্ঠী ও দলে ভাগ হয়ে স্থির করে ফেলেছে, নদীটি তারা মাঠের শুরু থেকে শেষ পর্যন্ত খনন করবে! কিন্তু তারা ভুলে যায়, আজকের এই মাঠ আর তিনশ বছর আগের মাঠের মধ্যে আয়তনের পার্থক্য।

একজন প্রাচীন বুড়ো, সবার পেছনে, লাঠি ঠুকে ঠুকে, নদীর রেখাটি ধরে এগিয়ে যায়। বেলা যখন পড়ে পড়ে তখন তার হাতের লাঠিটা একটা বিশেষ জায়গায় থেমে যায় আর সে চেঁচিয়ে ওঠে, পাইছি! চিৎপটাং পড়ে থাকা গণেশ তখন উঠে বসে আর কাজী গোষ্ঠী, মৃধা গোষ্ঠী, মাঝিবাড়ির লোকজন দলে দলে ভাগ হয়ে একে অন্যের মুখোমুখি দাঁড়ায়। সবাই দখল নিতে চায় বুড়োর দেখানো সেই বিশেষ জায়গাটির। প্রথমে যুক্তি-তর্ক, কিছুক্ষণ পর তর্জন-গর্জন, সবশেষ হাতাহাতি, রক্তারক্তি কাণ্ড। 

গ্রামের মেয়ে-মহিলারাও পুরুষদের পিছু পিছু বেরিয়ে পড়েছিল। কুরুক্ষেত্রের একটু দূরে দাঁড়িয়ে তারা গোঁয়ারগোবিন্দদের কীর্তিকলাপ দেখছিল। কাজীবাড়ির হাজী সাহেবের ছোট গিন্নি ভিড় করে থাকা মেয়েদের দিকে তাকিয়ে হঠাৎ চেঁচিয়ে ওঠেন, ল, আমরা খুন্তি-কোদাল লইয়া নদীডা কাটতে শুরু করি। মেয়েদের কাছে সোনারুপার কদর আজকের না। তাই নবীনার এক কথাতেই প্রবীণারাও কোমর ঝাড়া দিয়ে সোজা হয়। বলতে দেরি, করতে মুহূর্ত বিলম্ব নাই। নারীগণের আঁচল-উড়না কোমরে শক্তভাবে বাঁধা পড়ে। নরম হাতে ধরা শক্ত কোদাল জোরে ওঠে, বেগে নামে। ঝুড়ি ঝুড়ি মাটি নিয়ে সুন্দর-অসুন্দর, এ্যাটকা-ভটকা রমণীরা ছোটাছুটি শুরু করে। আর এইসব দেখে খুনাখুনিতে ব্যস্ত গোবিন্দরাও এগিয়ে আসে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা