× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৌতূহলের শিহরনের দিন

মোস্তাক আহমাদ দীন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৬:২৩ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৬ ১২:৪৬ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ছোটবেলায় আমার কাছে গল্পের ঝুলি খুলে ধরেছিলেন আমার এক তালই, ফুফাতো ভাইয়ের শ্বশুর, বয়স হয়ে গিয়েছিল বলেই হয়তো মেয়ের প্রতি অত্যধিক টান, তাই দূরের পথ হলেও বছরে একাধিকবার মেয়ের বাড়ি আসতেন। তিনি যেদিন শেষবিকেলে আমাদের একান্নবর্তী পরিবারে এসে পৌঁছতেন, সেদিন আমার আর আনন্দ শেষ হতো না, খুশির সেই চোরাস্রোত চেপে রেখে মাগরিবের পরপরই জোরগলায় পড়তে বসে যেতাম, রাতের বেলা মায়ের মন যাতে নরম থাকে, তালইয়ের গল্প শোনার আবদার ধরলে তিনি যেন আর কোনোরকম আপত্তি না করেন। তালই যেসব গল্প বলতেন, পরে এইসব গল্প তার আদরের মেয়ে অর্থাৎ আমার ফুফাতো ভাবির কাছেও শুনেছি। আমাদের মূল ঘরের একদম পিছনের দিকে বাইরে মাটির চুলা ছিল, সেখানে বসে রান্না করতে আমাদের নতুন ভাবির হয়তো ডর লাগত, তাই গল্প শোনানোর লোভ দেখিয়ে আমাকে তার কাছে বসিয়ে রাখতেন। পরে বড় হয়ে খেয়াল করে দেখেছি, এইসব গল্পের কোনো কোনোটি অন্যদেরও জানা, কিন্তু একটা গল্প আমাদের হামছায়ার বাইরে আর কোথাও শুনিনি। আমি মনে মনে সেই অনবদ্য গল্পটির নাম রেখেছিলাম ‘পই-ভাঙানোর গল্প’।

রাজার মেয়ে একে তো অপূর্ব সুন্দরী, তার ওপর এত এত বিদ্যা অর্জন করেছে যে, এখন আর তার যোগ্য কোনো বর পাওয়া যাচ্ছে না, তাই বিয়েও দেওয়া যাচ্ছে না। শর্ত অনুযায়ী যিনি পাণিপ্রার্থী হয়ে আসেন, তাকে আদর-আপ্যায়ন করে বসিয়ে কিছু প্রশ্ন করা হয়, তিনি যদি রাজকন্যার সেই প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে বিয়ে নিশ্চিত, আর উত্তর না দিতে পারলে প্রার্থীর কল্লা কেটে রাজকন্যার ঘরে সেটি ঝুলিয়ে রাখা হবে। রাজপুত্ররা ছাড়াও আরও অনেক প্রার্থী এই পরমাসুন্দরীকে বিয়ে করার জন্য পাগল হলেও এই ভয়াবহ শর্তের কারণে অনেকে পিছিয়ে যায়, কারণ সবাই জানে, এ পর্যন্ত মোট তিন জনের জীবন শেষ হয়েছে, তাদের তিনটি মাথা ঝুলিয়েও রাখা হয়েছে, ফলে বিয়ের জন্য চতুর্থ মাথাটি ঝোলানোর ঝুঁকি নেওয়ার সাহস আর করছে না কেউ। একদিন এক বিধবার নিরক্ষর হাবাগোবা ছেলে সেই সাহস করে ফেলল, সবাই তাকে নিয়ে ঠাট্টা-তামাশাও করল, কিন্তু সে এইসবের তোয়াক্কা না-করে রাজবাড়ির উদ্দেশে রওয়ানা দিল। যাওয়ার পথে চারপাশের দৃশ্যাবলি ভালোভাবে দেখতে দেখতে দেখা-অভিজ্ঞতার সাহায্যে গল্পের মতো করে দীর্ঘ পই বানিয়ে রাজকন্যার সামনে গিয়ে বসল এবং তাকে কিছু বলবার আগেই সে বলল, অনুমতি পেলে আপনার প্রশ্নের পরিবর্তে আমি আপনাকেই পই-ভাঙানোর প্রশ্ন করতে চাই। রাজকন্যা মনে মনে ভাবল, এই নিরক্ষর বিধবাপুত্র আমাকে প্রশ্ন করে কি আটকাতে পারবে? তাই সে রাজি হয়ে গেল। বিধবাপুত্র পই-আকারে তার গল্প বলতে শুরু করল :

দুঃখ গেল, সুঃখ আইল

পার তলে দি সর্প গেল

ভূমিতে জল পইড়া গেল

চাইর পায়ার উপর নিপায়ায় নাচে

দুই পায়ায় নিল ডালে।


আসন্তি বসন্তি ধারন্তি

অইল কর্মের বুড়া

হয়তো একে দুই

নইলে তিনে চাইর।

এই দীর্ঘ পই বা গল্প শুনে বিদুষী রাজকন্যা প্রথমে নিরক্ষর বিধবাপুত্রের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, পরে ঘরভর্তি বইয়ের পাতা উল্টাতে উল্টাতে এই পইয়ের মানে খুঁজতে লাগল। শেষে কোনো বইয়ে না পেয়ে ব্যর্থ হয়ে তাকে হবু বর হিসেবে মেনে নিতে বাধ্য হলো এবং বিদ্যোৎসাহী রাজকন্যা ব্যগ্র হয়ে সেই অলিখিতপূর্ব পইয়ের মানে জানতে চাইল।

আসলে ঘর থেকে বের হয়ে বিধবার ছেলেটি ভেবেছিল, আমার তো ইস্কুলের কোনো বিদ্যা নাই, পথে যা পাই তা দিয়ে পই বাঁধব।

সে রাস্তায় নেমে আশাবাদী হয়ে ভাবল, আমার দুঃখের দিন শেষ, সুখের দিন সামনে, কারণ সে রাস্তায় নামার পরপরই তার কোনো ক্ষতি না করে একটি সাপ তার পায়ের নিচ দিয়ে চলে গেল। আরেকটু এগিয়ে গিয়ে দেখল, নদীতীরবর্তী মাঠে একটা চার পা-ওয়ালা মরা গরু আর সেই গরুর উপরে একটা পা-হীন পুঁটি মাছ নাচছে; কিছুক্ষণ পরে একটি দুই পা-ওয়ালা পাখি এসে সেই পুঁটি মাছ ধরে খেয়ে ফেলল। এরপর সে রাজবাড়ি এলো এবং রাজকন্যার ধারে গিয়ে বসল, তারপর মনে মনে ভাবল, পইয়ের উত্তর না দিতে পারলে বিয়ে হবে এবং একজন থেকে দুইজনের সংসার হবে; বিয়ে না হলে তিনটি কল্লার সঙ্গে তার কাটা কল্লা যুক্ত হয়ে চারটি হবে। এইসব দেখা অভিজ্ঞতা থেকে বাঁধা যে-পইয়ের এমন ভাঙানি, এমন যে অর্থ, তা কি কোনো বইয়ে পাওয়া যাবে?! 

আজ বুঝতে পারি, আমাদের প্রথাগত শিক্ষাব্যবস্থার প্রতি প্রাকৃতিক শিক্ষার এ এক চরম চপেটাঘাতও বটে। এই গল্পের মর্মার্থ তারা বুঝতেন কি না জানি না, কিন্তু গল্পবলা এই দুই চরিত্রÑআমার তালই ও ভাবিÑযখন এই গল্প বলেছিলেন তখন তাদের মুখ কী রকম যেন বদলে গিয়েছিল, মনে হতো এইসব গল্পের ভেতরেই যেন তাদের নিত্য বসবাস। এরা যে আসলেই এক গল্পবাজ পরিবার, তা বোঝা গেল আরও ক’দিন পর, যখন আমার তালইয়ের ছোট ভাই খুনের মামলার আসামি হয়ে আমাদের বাড়িতে এসে আশ্রয় নিলেন।

একদিন খুব ঘোরলাগা বর্ষণ, তিনি বারান্দায় বসে মুর্তা বেত দিয়ে কী একটা জিনিস যেন বানাচ্ছিলেন, এমন সময় আস্তে আস্তে তার দামান্দÑ আমাদের ফুফাতো ভাইসহ ঘরের অন্যরাও সেখানে এসে জড়ো হলো। আষাঢ়ে গল্প যাকে বলে, তা শুরু হলো, তালইয়ের ছোটভাই কুশিয়ারাপাড়ের সেই দশাসই লোকটি বলতে শুরু করলেন এক আজব গল্প : 

তখন কলেরার সময়, প্রায় প্রতিদিনই গ্রামের লোকজন মারা যাচ্ছে, আমার রাতের পাকানি (বেড়ানো) শেষ হলে মধ্যরাতে বাড়ির উঠানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি, সাদা কাপড়-পরা এক মহিলা আমাদের লম্বাবাড়ির উঠানের সব বাদাছাদা (ময়লা) ঝাড়ু দিয়ে খালে ফেলে দিতে চাচ্ছে। আমি বুঝলাম, আমাদের বাড়ির সবার দিন শেষ, কলেরায় মেরে ফেলার সব ব্যবস্থা করে ফেলতে চাচ্ছে এই লম্বাচুলী মহিলা। ধরলাম গিয়ে চুলের ঝুঁটি, দিলাম এক আছাড়, এক আছাড়ে পেরতনি (পেত্নি) শেষ। সকালে ঘুম থেকে উঠে দেখি, উঠানে এক কালা কাউয়া মরে পড়ে আছে। 

তিনি যখন গল্প বলছিলেন, তখন তার মুখ বদলে গিয়ে খুনে চেহারায় পরিণত হলো, আমি গল্পটা আগাগোড়া বিশ্বাস করলাম বটে, তবে সেই বয়সেই আমার আর বুঝতে বাকি রইল না, খুনের মামলাটা তাহলে মিথ্যা নয়। আমার পরির মতো সুন্দরী ভাবির রক্তেও তাহলে খুনে রক্ত বইছে? এই গল্পবাজ চাচার ভাতিজি আমার ভাবির সঙ্গে যার বিয়ে হয়েছে, আমার সেই ফুফাতো ভাই, তিনিও কিন্তু গল্পবলায় যেমনতেমন উস্তাদ না, তবে তিনি যে-গল্পই বলুন না কেন, চাচাশ্বশুরের মতো তার মুখের কোনো পরিবর্তন হয় না, সব সময়ই গম্ভীর, গল্প বিশ্বাস করানোয় তার মতো দ্বিতীয় কোনো চরিত্র আমি এখনও দেখিনি। তবে তার সব গল্পই বিয়ের আগের, আমাদের গল্পবাজ ভাবি বশীকরণ মন্ত্র জানেন বলেই হয়তো, পরে, আমাদের ভাইয়ের জীবনে ভাবিহীন আর কোনো গল্প তৈরি হয়নি। তার সেই সময়ের গল্পের শুরুটাও হতো অনেকটা একালের গল্পকারদের মতোই : 

হঠাৎ শুনি দরজায় খটখট আওয়াজ, গভীর রাত, জলিল চাচা (যিনি ছিলেন আমার আব্বার ইয়ার) এসে ডাক দেন, ‘আব্দুর রহমান নি বেটা, একটুক্ বাইরে আয় চাইন’, চোখ কচলাতে কচলাতে বের হয়ে দেখি, তিনি পুকুরের পাড়ে গিয়ে সেখান থেকে ডাক দিচ্ছেন, ‘অনো আয় বেটা।’ বিড়ি ধরিয়ে তিনি যাতে না দেখেন, লুকিয়ে, পুকুরপাড়ের দিকে হাঁটি, সেখানে পৌঁছে দেখি, আমাদের চার কেয়ারি পুকুরের দক্ষিণ-পূর্ব পাড়ের টয়লেটের কাছ থেকে এবার ডাকছেন, ‘ওউ দিকে আয় বেটা।’ আমি নিভে যাওয়া বিড়িতে আবার আগুন ধরিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা রাগ দেখাই, ‘খালি দৌড়ো কেন বেটা, লগ ধরতাম পারি না?’ এই প্রশ্নের উত্তর না দিয়ে দেখি জলিল চাচা পুকুরপাড় থেকে নেমে বাড়ির সামনের এখলাছ মাস্টারের জঙ্গল হয়ে নুরুদ্দিন মেম্বারের বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। হঠাৎ মনে হলো, আমি কোথায় যাচ্ছি? কাকে অনুসরণ করছি? আমার আর বুঝতে বাকি রইল না, হাতে-ধরা বিড়ির আগুনই আমাকে রক্ষা করছে, কারণ শুনেছি দেও-দানব আগুন ডরায়।

আমাদের সবাইকে রোমাঞ্চিত করে দিয়েও আমাদের ফুফাতো ভাইয়ের চেহারা একদম ভাবলেশহীন। তারপরও, অমিয়ভূষণ যে বলেছিলেন, গল্প যে বলে তারই সুখ, সেই ভাবটা তার মুখে পুরামাত্রায়ই আছে। তবে, একথাও ঠিক, সেই গল্পশোনা রাতে আমাদের ঘুমানোটা কঠিন হতো বটে, কিন্তু গল্প শুনতে কম সুখ হতো না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা