× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকাশকের কথা

এবার মেলা সংক্ষিপ্তও হলেও আকর্ষণ এবং চেতনা একই

হাসনাত মোবারক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫২ পিএম

প্রকাশক মো. সহিদ উল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রকাশক মো. সহিদ উল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাঠকের হাতে বই তুলে দিতে অসামান্য ভূমিকা রয়েছে প্রকাশনা প্রতিষ্ঠানের। বইমেলা এবং প্রকাশনার বিষয়-আশয় নিয়ে আলোঘর প্রকাশনার প্রধান নির্বাহী মো. সহিদ উল্লাহর সঙ্গে কথা বলেছেন হাসনাত মোবারক

এবার একটু দেরিতে বইমেলা শুরু হলো। এই মেলা নিয়ে আপনার প্রত্যাশা কতটুকু? 

বইমেলা নিয়ে সব সময়ই একই রকম প্রত্যাশা থাকে। প্রকাশক হিসেবে চাই মেলা ভালো হোক। বেচাবিক্রি ভালো হলে পরবর্তীতে আরও নতুন নতুন বই প্রকাশের আগ্রহ জন্মাবে। জাতিকে সৃজনশীল-মননশীল হিসেবে গড়ে তুলতে অমর একুশে বইমেলার যে গুরুত্ব, তা ব্যাখ্যাতীত। এই মেলার সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত। আমাদের দেশে নানা রকম গ্রামীণ মেলা বসে। সে সব মেলা কিন্তু আয়োজন করা হয় কোনো কোনো বিষয়কে কেন্দ্র করে। তেমনি অমর একুশে বইমেলা বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে বহু বছর ধরে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে আয়োজিত হয়ে আসছে। এ বছরে একটু ব্যতিক্রম ঘটেছে। মেলা সংক্ষিপ্তও হবে। তারপরও মেলার যে আকর্ষণ, আবেদন এবং চেতনা একই। কেননা ‘একুশ’ আমাদের জাতীয়তাবাদের মূল ভিত্তি। ভাষা আন্দোলন আমাদের আত্মপরিচয় এবং রাজনৈতিক স্বাধিকারের চেতনা। ভাষার জন্য আমাদের পূর্বসূরিদের যে আত্মত্যাগ রয়েছে, সেই চেতনাকে শানিত করে একুশে বইমেলা। কাজেই এখানে যতটা না ব্যবসা, তার চেয়ে বেশিটুকু আমাদের প্রাণের চাওয়া এই মেলা। এই মেলার মাধ্যমে আমাদের ভাষা ও সংস্কৃতির বিকাশ ঘটুক। এইটুকু প্রত্যাশা করতেই পারি। 

এ বছর বইমেলায় কী পরিমাণ বই প্রকাশ হয়েছে?

মেলাকে কেন্দ্র করে অল্প কিছু বই করেছি। তবে এবার মেলা হবে কি না, সেসব নিয়ে শঙ্কা কাজ করছিল লেখক ও প্রকাশকদের মধ্যে। মেলা যেহেতু বড় একটা উৎসব। মেলায় নতুন বইয়ের প্রচার হয়। পাঠকের কাছে পৌঁছানোর সুযোগ থাকে। আরেকটি বিষয় খোলাসা করা দরকার। আমরা সারা বছরই টুকটাক বই প্রকাশ করি। আমাদের একটা স্লোগান আছে ‘প্রতিদিন বইমেলা, প্রতিজনে একটি বই’। তবু গত বছর বইমেলা শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩৪টি বই প্রকাশ হয়েছে। কিছু বই প্রকাশের চূড়ান্ত পর্যায়ে আছে। বই প্রকাশ করতে অনেক ধাপ পেরোতে হয়, পাণ্ডুলিপি হাতে পাওয়ার পর, সম্পাদনা, চিত্রশিল্পীকে দিয়ে অলংকরণ ও প্রচ্ছদ আঁকানো। একটা বইয়ের সঙ্গে অনেকগুলো মানুষের হাতের ছোঁয়া থাকে। এ বছরে আমাদের উল্লেখযোগ্য যে লেখকদের বই প্রকাশ হয়েছে তারা হলেনÑ আবুল হায়াত, হোসেন জিল্লুর রহমান, আহসান হাবীব, ফারুক মঈনউদ্দিন, ফওজুল কবির খান, আসাদ মিরণসহ অনেকেই। 

‘প্রতিদিন বইমেলা, প্রতিজনে একটি বই’ এ বিষয়ে জানতে চাই

আমাদের স্বপ্ন দেশের প্রত্যেক মানুষের কাছে আলোঘরের বই থাকবে। এজন্য ২০১৭ সাল থেকে দেশের বিভিন্ন জেলার গ্রামগঞ্জে স্কুলভিত্তিক বইমেলা শুরু করি। একদম প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্কুলে গিয়ে একক বইমেলার আয়োজন শুরু করি। এমন অনেক পাঠক আছেন, যারা জীবনে কোনোদিন ঢাকার বইমেলায় আসেননি বা সুযোগ মেলেনি, তাদের কাছে বই নিয়ে গিয়েছি। এই বইমেলার প্রায় দশ বছর হয়ে যাচ্ছে। দিন দিন আমাদের টিম বড় হচ্ছে। এখন পর্যন্ত দেশের আটটি বিভাগে আমাদের একক বইমেলার টিম রয়েছে। তারা প্রত্যেক দিনই কোনো কোনো বইমেলার আয়োজন করছেন। গত বছর আমরা পঞ্চান্ন হাজার কপি বই বিক্রি করেছি। সামনে বই বিক্রির অভিনব পরিকল্পনা হাতে নেব। আমাদের লক্ষ্য দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে বই পৌঁছে দেওয়া। বিশেষ করে নতুন প্রজন্মকে বইমুখী করে গড়ে তোলাই হলো আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। 

আপনাদের উদ্দেশ্য জেনে একটু কৌতূহল হলো। প্রশ্নও জাগল মনে। আপনাদের পাঠক তালিকায় তো স্কুলের শিক্ষার্থীরা। কিন্তু প্রকাশনার উল্লেখযোগ্য লেখক তো অর্থনীতিবিদ। গ্রামের পাঠকরাও কি এই ধরনের বই কেনে?

হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমাদের প্রকাশনা থেকে অনেক গুণী অর্থনীতিবিদের বই রয়েছে। যারা শিশু-কিশোরদের জন্য লেখেন অনেক আগে তাদের বইও প্রকাশ করা হয়েছে। শিশুকিশোরদের উপযোগী অনেক চিরায়ত ও বিজ্ঞানভিত্তিক বই রয়েছে আমাদের প্রকাশনায়। এক্ষেত্রে আমাদের টিমকে সহযোগিতা করেছেন বিজ্ঞান বক্তা আসিফ। ‘সৌরজগৎ, পৃথিবীর মহাজাগতিক ভাষা, বিজ্ঞানের বহুগতিপথ, মানব প্রজাতির অনিশ্চিত গন্তব্যসহ বেশকিছু বই তিনি সম্পাদনা করেছেন। উন্মাদ সম্পাদক আহসান হাবীব তার কাছ থেকেও আমরা পরামর্শ গ্রহণ করি। তার অনেক বই প্রকাশ করেছে আলোঘর। বইয়ের তো আসলে শেষ নেই। আমাদের এখানে বই আছে, যেগুলো পড়লে শিক্ষার্থীদের মনোজগৎ গঠনে ভূমিকা রাখবে বলে বিশ্বাস রাখি। এ ছাড়া প্রয়াত লেখক শেখ আবদুল হাকিম, বুলবুল চৌধুরী, আলী ইমাম এবং ধ্রুব এষেরও শিশু-কিশোর উপযোগী অনেক বই প্রকাশ করেছি। শিল্পী ধ্রুব এষ, যিনি শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। সামনে তার আরও বই প্রকাশের ইচ্ছে রয়েছে। যে বইগুলো পড়লে শিশু-কিশোরদের বিকাশ ঘটবে, চিত্ত প্রসারিত হবেÑ এমন বই প্রকাশের ইচ্ছে সব সময়ই অনুভব করি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা