× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানসিড়ি কবিতা

রেজা ফারুক, রহমান মুজিব ও আসিফ নূর

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৬ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭ পিএম

ধানসিড়ি কবিতা

নন্দন

রেজা ফারুক


নন্দনে চলছে ‘হাওয়া’, কোলকাতার নন্দনে:

টিকিট ফ্রি বৃষ্টি হবে আজ সকালে ফ্রি ছন্দে

ভোরবেলা থেকে কুয়াশার ভিএফএক্স হ্যান্ডেলে

আর লঙ্-জুম্ শটে কাঁপছে ট্রলার

গভীর সমুদ্রে যেন গাঙচিল

নীল গগনে এবসলিউট্লি

কিছু তরুণ মেঘ ফুকুটে ফুঁকছে সিগারেট।


সামুদ্রিক ফোয়ারার মতো একটানা

পড়ছে গরম জল কয়লার স্টিম রেলগাড়ি থেকে

বেঁকে যাওয়া ঝাপসা দুপুর

ঘুমে চুড় ওয়েটিং রুমে :

কোলকাতা থেকে দার্জিলিং টয় ট্রেনের

কম্পার্টমেন্টের শার্সি কাচে

নাচে ইনটেরিয়রহীন এক পশলা

নিভন্ত বিকেল আর

ফুল স্লিভ শার্টের আস্তিনে কাঁপে

স্প্রিং রেইনডোবা লাল ব্যুফেকার।


সেলিব্রেটি, নন্দন, ফ্রি হওয়া, ফ্রি কিউ

ফ্রি স্ট্রিট, স্লিপার, স্যান্ডেল, ইনবক্স

টি, কফি, বায়োস্কোপ, পপকর্ন

হর্নলেস হাইওয়ে যায় ছুঁয়ে

ঘাড় খোঁপা, ব্যালকনি, বিকিনি রেলিং

ট্রাম, বাস, মেট্রোর ক্যামোফ্লেজিং

কারপার্ক, ঝালমুড়ি, বেলপুরি, ফুচকা

তুখোড় আড্ডা থোকা থোকা

একরোখা ‘হাওয়া’ ঝড়ে কাঁপে মন, কঞ্চুলিকা

ঝাউবন, ভোরের নন্দন একা-একা! 



প্রত্যাবর্তন

রহমান মুজিব


রোদের আকাশ

নিঃশব্দে খসে পড়ে সুবর্ণ প্রহর

অনাহূত কাঠঠোকরা বুকের কোটর হতে 

তুলে নেয় ইচ্ছের মাখন, লোহিত লোবানে 

ভিজে আসে প্রণয়ন পুরাণ


এখন উৎসবের আয়োজন 

হৃদয়রেখায় খসে পড়া তারার ব্যর্থ মিউজিক

তোমার নাভিমূলে প্রার্থনার মৃত্যু রেখে

পুড়ি কাম শীতলতার বিদীর্ণ দহনে


এই তো জীবন 

কথা রাখা না রাখার ধোঁয়াশা তিমির 

পথ খুঁজি গোলাপে, ফিরে আসি ঘাসে



মমি ও দেবতা

আসিফ নূর


মিসরের অন্তরে বাজে পাথুরে পিরামিডের গান,

পিরামিডের গহিনে চুপ সুগন্ধি মমির পুতুল।

মমি তো উজ্জ্বল ইতিহাস, পুরাণের সুন্দর মূর্তি;

কিন্তু সে জীবিত নয়, মুখে তাই ফোটে না ভাষা।


দেবতাকে ভক্তি-শ্রদ্ধা সঁপা যায় সাষ্টাঙ্গ প্রণাম,

তবু হাতে হাত; চোখে চোখ হবে না তার সাথে।

সে তো রক্ত-মাংসের সঞ্চরণশীল কোনো সত্তা নয়Ñ

আদিম আগুন ছাড়া জ্বলে নাকি প্রেমের তুফান?


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা