প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬ ০৯:৪২ এএম
স্পর্শকাতর
প্রণব মজুমদার
একটি স্পর্শের জন্য কতটা পথ হেঁটেছি আমি!
চেতনার চাদর মুড়ে আকাশ সাগর ছুঁইয়েছি।
বিনিদ্র রাতে স্পর্শের ভেতরও তুমি অভিমানী;
চপল হরিণীর মতো ছুটে গেছ বৈভব নৈকট্যে।
তোমাকে দেয়নি সুখ পরশ অমানবিক জীবন,
ভুল পথে হেঁটে হেঁটে থেমেছ পল্লবহীন ছায়ায়Ñ
ক্লান্ত পথিক, পাখিরা হারাল কোন অজানায়!
শুধু ঐশ্বর্যই কি এনে দিতে পারে অপার সুখ?
যে শান্তি তোমায় নিয়ে গেছে আগুনের পথে;
কয়লার মতো অঙ্গার হয়েছে তোমার সুষমা।
নিখাদ মায়াবী জালে জড়ালে কী হতো তোমার?
একটু স্পর্শের জন্য আজও থাকি অপেক্ষায়!
পাতা কুড়ানোর দেশে
চরু হক
যাই পাতা কুড়ানোর দেশে যাই
পাতায় পাতায় আহা আদরের মাখামাখি
লাল নীল সবুজ নাটাই।
শোনাবো পাতাদের গল্প, আজ অল্প স্বল্প
বাাকটুকু থাক, সময় গড়াক
মনে ভাসে কার রোশনাই।
যাই, চল যাই, রূপকথার দেশে যাই
মাটির সোঁদা ঘ্রাণ মেখে গায়ে
আপনাকে আজ খুঁজে নিই।
প্রিয় হাত যদি থাকে পাশে
অনুপম বিশ্বাসে
তবে বৃষ্টিকণার মতো ভাসে
স্বপ্নের দিন, তাই ছুঁয়ে অমলিন
বুনো পাখিদের গান গাই।
যাই মেঘলা নদীর পাশে যাই
যদি পাই রোদবিকেলের সেই গন্ধ
আমিও পাতা হয়ে যাই।