মাহফুজা অনন্যা
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১২:০৫ পিএম
কোনো শরীর নয়, তবু আকাঙ্ক্ষা পরিধানের,
যেন অদৃশ্য বায়ুর ওপর ঝুলে থাকে শতাব্দীর অন্ধকার কাপড়।
ঘরের দেয়াল গোপনে বলে– রক্তের উপমা কি জানো শরীর, কেন লজ্জা তোমাকে ছোঁয় না–
কেন তুমিই লজ্জার জন্মদাত্রী হয়ে ওঠ?
রেশম, তুলো, ধাতব, কিংবা সুতো– সবই মূলত আত্মার বদলি চামড়া, যার ভেতর দিয়ে চুপিসারে হেঁটে যায় পরিচয়ের প্রেতাত্মারা।
কতটা ঢাকে– কতটা উন্মোচন করে অদৃশ্য-নগ্ন-সম্ভাবনা, যেখানে কাপড় নয়, পোশাক হয়ে ওঠে নিঃশব্দ উচ্চারণ
অনন্ত সংলাপ– শূন্য দেহের সঙ্গে দ্যুতিময় অস্বস্তির।