মতিন রায়হান
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১০:২৩ এএম
মিহিমায়া রোদে আজ গেয়ে যাই শুধু নবান্নের গান
সোনার বরন মাঠ; ভেসে ওঠে রূপসীর তারাজ্বলা
মুখ, প্রফুল্লের হাসি তার ঠোঁটে; হৃদয়ের রং দিয়ে
কেনা! এ আমার সোনাফলা মাটি, ঠিকানা-ঠিকুজি!
জানি, একদিন মিশে যাবো এই হেমন্তের ভোরে!
স্বজনের আর্ত পদাবলি মমতার হাতে শিশিরের জলে
ধুয়ে দেবে আমার প্রশান্ত দেহ! অতঃপর ডুবে যাবো
ঘন অন্ধকারে, কেউ আর জাগাবে না নাম ধরে
ডেকে! তুমিও কি ডুবে যাবে অস্তগামী সূর্যের মতো
কালের গহ্বরে! আমাদের চিরচেনা সেই দিন বরই
ফুলের গন্ধে সুবাসিত হবে! এ কোন্ জীবনানন্দ,
ধানসিঁড়ি তীরে চান জলমহালের অধিকার? যদিও
জেলের নাম লেখা আছে ইলিশের ঝাঁকে! যদি
কখনো ফিরেই আসি ধু-ধু কুয়াশায় ধানের গন্ধের
মতো...নেবে তো আমাকে? ভেঙেচুরে গাঢ় অভিমান!
মিহিমায়া রোদে আজ গেয়ে যাই শুধু নবান্নের গান!