সুহিতা সুলতানা
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১০:২১ এএম
আমাকে খোঁজেনি কেউ। হেমন্তের এই মধ্যদুপুরে
ক্ষত-বিক্ষত করে দীর্ণ করে তোলে স্মৃতি, যারা
দৃশ্যমান তারকা হতে চায় তারা সঙ্গীতের মর্ম
বোঝে না। অনাব্য শোকের কাছে নদীর গল্প যেমন
অচেনা পথের ওপর ক্লেদ ঝরে পড়ার মতো সেখানে
সার্থক কীর্তি বলতে কিছুই থাকে না। অস্থির হাওয়ায়
উড়ে বেড়ায় ভবিষ্যৎ। হে প্রিয় অন্ধকার হে বাষ্পপুঞ্জ
অগ্নিদগ্ধ সময়ের ভেতরে তোমরা মানবিক ভোর
দেখনি!মানুষ আজ একা হতে হতে অচেনা দ্বীপ
শূন্যতার স্বরূপ খুঁজতে গেলে হিপক্রেসি দাঁত বার
করে হাসে। শহরে জঙ্গল নেই বলে মানুষ কাচের
শার্সিতে জীবনের মর্ম উপলব্ধি করতে চায়। আজ
বহুদিন পর নিঃসঙ্গতা হাই তুলে পাশ ঘেঁষে বসে
নিঃসঙ্গতা মানেই জীবনানন্দ দাশ আর ধানসিঁড়ি
নদীর গল্প।