শিবলী মোকতাদির
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ ১০:৩২ এএম
আজও পাওনি তুমি ব্যক্তিগত চিঠি
কৃষিপ্রধান সমাজে যদি একে অপরাধ বলি;
নিভৃতে কে কত অংশের দায় নেবে?
শুধু এই ভেবে, অজ্ঞাত অঞ্চল থেকে
ভাড়া করা হল প্রাইভেট ডিটেকটিভ।
দিন যায় নতুন মোড় নেয় কাহিনীর।
সবাই ভাবে তার জেলবন্দি প্রণয়পাত্র একেবারে নির্দোষ
দ্বন্দ্ব নয়, সত্য এইÑ
থ্রিলারের পূর্বাভাস একমাত্র গুপ্তচরের কাছেই পাওয়া যায়।
জটলা ভেঙে জটিল হচ্ছে রাজনীতি
বানের জলে বিপর্যস্ত কয়লাখনি, ইতস্তত ইস্পাত
দম-বন্ধ করা ডিজেলের গন্ধ পেরিয়ে
বাদামি লাল রঙের ছোপ-ছোপ শ্যাওলার জলাভূমি
ভুতুরে হাউন্ড আর জাগ্রত জিঘাংসা
প্রাণহীন কাদার নিচে চক্ষুনাশকারী লুকানো সেই চিঠি!
ভারী আশ্চর্য জায়গা এই জলা, কখনও পুরনো হয় না
এতই বিস্তৃত, ফাঁকা আর রহস্যময়
রাত গভীর হলে
কালের কূটনীতি নিয়ে মেঘ ভেসে যায় মেঘালয়।
নেতা হয়ে উঠবে
মনসুর আজিজ
আশা করেছিলাম নেতারা দাঁড়াবে ঝাউবনের মতো ঋজু ভঙ্গিতে
অথচ অকালে লাউডগার মতো হেলে পড়েছে তারা
যেমন করে সঙ্গমের পর নেতিয়ে পড়ে শিশ্ন।
জনগণ চিরকাল নেতার নির্দেশ পালন করে বলেÑ
তীব্র রোদেও তারা বসে বসে বিড়ি টানে
কিংবা অনশনে ভিজতে পারে গামছা মুড়ো দিয়ে
জনগণ যেদিন নেতা হয়ে উঠবে, সেদিন নতুন সূর্যের মতো উঁকি দেবে মুক্তি।
ফিরে এসো শবযাত্রায়
শতাব্দী জাহিদ
ভুলতে তুমি পারোই, শুধুÑ
মাসিক ক্যালেন্ডারের সহ্যের ব্যথায় কৈশোরের চুমুর মতো
ওটিসি আরোগ্যে ঘুমিও মুখোমুখি। কিম্বা, এক বালিশে হাত রেখ-তলপেটে।
ভুলে যাবে, বেশ। শুধুÑ
এইটুকু মনে রাখা বাঁচিয়ে রেখ,
তুমি ছাড়া পৃথিবীর কাছে ভুল অক্ষরেই অপ্রয়োজনীয় হয়ে না উঠিÑ
আগ মুহূর্তে শবযাত্রার আয়োজন নিয়ে ফিরে এসো।