× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেতানিয়াহু কোনো মানুষের নাম নয়

শাহীন রেজা

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১৫:১৯ পিএম

নেতানিয়াহু কোনো মানুষের নাম নয়

অসহায় রুগ্‌ণ শিশুটি যখন একফোঁটা দুধের জন্য কাতরাচ্ছিল

তখন ওদের মুহুর্মুহু গোলাবর্ষণ 

তীব্র শোণীতে ভিজিয়ে দিচ্ছিল

আল আকসার পবিত্র মাটি


হে পৃথিবী তোমরা জেনে রাখো

নেতানিয়াহু কোনো মানুষের নাম নয়

সে এক বদ্ধ উন্মাদ এক তীব্র দানব 

যার উন্মত্ত থাবায় আজ নিশ্চিহ্ন 

গ্রামের পর গ্রাম 

লোকালয় শহর আর জনপদ


মৃত মানুষের অসংখ্য লাশের ওপর দাঁড়িয়ে সে এক সমূহ শয়তান 

ধ্বংস করছে মানবতা


তার হিংস্র থাবায় সভ্যতার চারণভূমি পরিণত হচ্ছে বিবর্ণ মরুতে


না আমরা চাই না মানবতা কেঁদে মরুক

গাজার অসহায় নারী ও শিশু বঞ্চিত হোক ন্যূনতম ত্রাণ সাহায্য থেকে


হে বিধাতা তুমি সদয় হও

তোমার মমতার হাত প্রসারিত হোক 

ওদের মাথার ওপর

ওরাও ফিরে দাঁড়াক

মুখোমুখি হোক অনন্ত জোছনার।


অপেক্ষা

শোয়াইব জিবরান


গন্তব্যের দীর্ঘপথ পার হয়ে এখন 

এক ভাঙা ব্রিজের পাশে পাকুড়গাছের ছায়ায়

বসে আছি। 


মৃদুমন্দ হাওয়া বইছে

প্রপিতামহের জটার মতো বৃক্ষের শেকড়

আশ্রয় জাগানিয়া।

দীর্ঘপথ পার হওয়ার ক্লান্তি ভর করেছে শরীরে

অবসাদ মনে পথে কথার কষ্ট দেওয়া মানুষের


পায়ে জমেছে রক্ত কাঁটা ও পাথরের আঘাতের

ধুলোও সারাতে পারেনি।


এই ব্যথা এই ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছে। 


সামনে ভাঙা ব্রিজ। 


পার হলেই হয়তো শেষ করা যাবে বাকি পথটুকু।


তারপর গন্তব্যে হয়তো পৌঁছা যাবে 


ঘুম ঘুম মাঠ পার হয়ে 

নীল দিগন্তের ওপারে

না ফেরার কোনো গন্তব্যে।




কবিতার কবুতর

আসিফ নূর


অর্থই যেমন সব অনর্থের আসল কারণ,

তেমনি শান্তিই একক জনক সমস্ত অশান্তিরÑ

বাঘের শান্তি মানেই অবলা হরিণীর মরণ;

ধর্ষকের সুখের নাম সুন্দরের রক্তক্ষরণ।


অসুরের পারমাণবিক ক্ষুধায় দশদিগন্তের

সুরেলা বাগান আজ ফুলেদের গণকবর,

দজ্জালের থাবায় কাঁপছে দুর্বলের মানচিত্র;

শোষিতের চোখেমুখে রাত-দিন অদ্ভুত অমাবস্যা!


শিয়ালের কূটচালে তৃষ্ণার্ত আগুনেরা এখনও

বিচ্ছিন্ন বলেই জ্বলে উঠছে না মহাদাবানল,

শান্তিবৃক্ষের ডালে ডালে লাফাচ্ছে অসভ্য বানরেরা;

শান্তির সন্ন্যাসে ওড়াই তবু কবিতার কবুতর।

 

প্রেতার্তনাদ

রুদ্র আরিফ


আমাকে তাড়া করে তোমাদের নিঃশ্বাসের প্রেতÑ

যারা পুড়ে গেছ পাহাড়ে,

নিজ ঘরে,

সবুজ উপত্যকার প্রিয় ভাঁজে,

যেখানে মুহূর্তকাল আগেও ফলিয়েছিলে জীবনের ঘ্রাণ;

আমরা নগরে সোশ্যাল মিডিয়া ঘোরে

অবান্তর আনচানÑ

তোমাদের বেদনা ভেবে


আমরা শহরে সংখ্যাগরিষ্ঠের/রাষ্ট্রবলের উত্তাপে করি রচনাÑ

মেকি সভ্যতার প্রেতার্তনাদ :

তোমাদের শিকারের ফাঁদ


হারিয়ে যাওয়া নাম

মাহী ফ্লোরা


যত্নে রাখা চিঠি, আলগোছে ভাসে স্বপ্নে পাওয়া দিন, বুকের ভেতর মাত্র সবুজ হওয়াÑ

 শিশুর মতো ধান...

পাতায় পাতায় অস্থিতে পরিণাম।

যত্নের নাম লতা, যত্নে ধরেছে জড়িয়ে জড়িয়ে গাছ, যত্নকে তাই পথের গল্প বলি, হারিয়ে যাওয়া মানুষগুলোর হারিয়ে যাওয়া নাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা