নাসির আহমেদ
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৭ পিএম
শরতে-হেমন্তে স্মৃতি ফিরে আসে নরম উলের রং নিয়ে!
সেই কবেকার স্মৃতি মায়ের কল্যাণী হাতে খোকার নতুন সোয়েটার!
ফিরে আসে পাড়াগাঁর হারানো সবুজ দিন,
স্কুলগামী কিশোরীর বেণীর রঙিন ফিতা
আর তার চুলের মায়াবী ঘ্রাণ!
শরতে হঠাৎ ফিরে আসে মৃদু কুয়াশায় ভেজা
ধূসর সন্ধ্যার ঘাস, বুনোপথ, লতাপাতা, আর
অস্পষ্ট গাউনপরা দূরের গাছেরা।
ফিরে আসে গন্ধসহ কৈশোরের ঘাস-পাতা, শেফালী বকুল!
বৃক্ষহীন নির্দয় শহর অকস্মাৎ স্নিগ্ধ ক্লোরোফিলে ভরে ওঠে!
দুর্বৃত্তায়নে দগ্ধ এই দুঃসময়ে
শরতের স্নিগ্ধ হাওয়া স্মরণ করিয়ে দেয়
শিশির-মমতা!
স্মরণ করিয়ে দেয় ভুলে যাওয়া পাখিদের নাম।
সন্ধেবেলা মায়ের শিশিরনম্র হাতেভাজা পুয়াপিঠা
সসৌরভ ফিরে আসে হঠাৎ শরতে।
ঢাকের শব্দের সঙ্গে শুভ্র কাশবন ছোঁয়া হাওয়া
শারদীয় দুর্গোৎসব, ধূপের মায়াবী গন্ধ নিয়ে ফিরে আসে।
ফিরে পাই ফেলে আসা
শৈশবের মাতৃস্নেহ প্রকৃতির কাছে।