মাহফুজা অনন্যা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৫ পিএম
পাতার শিরায় আটকে থাকে স্বচ্ছ জলের টুকরো,
দুপুর ঘুমায়, অথচ এসময় তার জেগে থাকার কথা।
মেঘেরা রোদচশমা পরে আর খোলে, শরীর যেন তামাকপাতা গোধূলির ঠোঁটে!
সাদাভাতের সকালগুলো শিউলি কুড়ায়
ভাঙা সিঁড়ির ধাপে ক্যাটওয়াক করে শব্দের ছাই!
এক অস্থির জং ধরা লণ্ঠন রোদ্রের বাহক–
শরীরহীন পথিকের কাঁধে দুলে ওঠে।
ভেজা সময় শস্যের দাগে ফেটে পড়ে, নীল শার্ট পরে আকাশ বুক খুলে দাঁড়ায়
গন্ধের আলস্যে ছোটে দিগন্তের রেখা, অভিমানে ছেঁটে ফেলে আকাশের মন!
রাত্রির পেট সেলাই খুলে দেয়Ñ ঝরে পড়ে শরৎ, নামহীন সুরে।