অদ্বৈত মারুত
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১৪:২১ পিএম
অন্ধকারে নিঃশব্দে হারিয়ে গেছে নক্ষত্র; শূন্যে ভেসে থাকা গোপন আলোকরেখাও। ভাঙা আয়নায় চোখের মিছিল, ফোঁসফাঁসÑ মৃতদের মতো স্থির অথচ তার ভেতরেই চলছে মন্বন্তরের আয়োজন।
অচল ঘড়ি যেমন থমকে গিয়ে ভুলে যায় সময়ের পরিচয়, কাঁটা কেবল কেঁপে ওঠে অসংগত সুরে অথবা অনড় থাকে একাকী; আকাশের প্রান্তে ক্লান্ত চিল ঘুরে বেড়ায় নিস্তব্ধতার ওপরে নিঃশেষ ভর করে যেমন।
ধূপের ধোঁয়া বাতাসে মিলিয়ে গিয়ে দীর্ঘশ্বাস হয়ে ওঠে ভেতরে জমে থাকা অনুসন্ধানী ধুলোয়। ধুলো কথা বলে নিজের সঙ্গে; অজান্তে শুনতে পাই তার অস্পষ্ট স্বর। গেরস্তি মন জ্বলে ওঠে গোপন আগুনে, কোনো পরকীয়া দহন না করে আড়াল।
রাত ঘনিয়ে এলে নীলা মার্কেটে জমে ওঠে আগুনের মাহফিল, শব পুড়িয়ে আবারও নতুন করে সব ছড়িয়ে পড়ে অন্ধকারে।