স. ম. শামসুল আলম
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১৪:১৯ পিএম
যেভাবে তোমার রঙ বদলায়
সরীসৃপ রক্তচোষা যেন
যেভাবে তোমার রঙ বদলায়
সবুজ পল্লব তার হলদে হওয়ার মুহূর্তটাকে
কটাক্ষে রাখতে পারে
যেভাবে তোমার রঙ বদলায়
আকাশের মেঘ সাদা হবে নাকি কালো হবে
নির্ধারণে পয়সা উড়িয়ে টস করে
যেভাবে তোমার রঙ বদলায়
সাপের খোলস ছাড়ার সময়টুকু আরও সংকীর্ণ করে তোলে
যেভাবে তোমার রঙ বদলায়
কোনো কোনো মানুষের মিথ্যাগুলোকে সত্যে পর্যবসিত হয়
তুমি মিথ্যুকের চেয়ে বেশি ভয়ংকর