সোহরাব পাশা
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫ ১৪:১৮ পিএম
দ্রুত সরে যাচ্ছে মাথা উঁচু করা
মানুষের ছায়া,
চিত্রকল্প ধুলোয় মলিন
বৃষ্টি নেইÑকুহক কুয়াশা
দুপুরের রঙ উঠে গেছে;
প্রজাপতিগুলো ওড়াউড়ি করে
রুগ্ণ আলোর ভেতর
শীর্ণ পাতা ও শিউলি ছায়ায়,
ধুধু স্তব্ধতার করতালি
অন্যমুখি দ্যুতি-মায়া। নেই সেই
বিনয়ী চোখের হাসি
বিনিদ্র রাত্রির ভালোবাসা
কবিতার গল্প,
ভুল মানুষের তীব্র কোলাহল
ময়লা সময় ডাকে-মন ভালো নেই
একলা থাকা জন্মান্ধ আঁধার
অন্য কোথাও তোমার ভ্রমণ।