× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিতার কালচেতনার প্রবাহ

মাহফুজুর রহমান সজীব

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১২:১১ পিএম

প্রকাশকাল : ২০২৫ বইমেলা
প্রকাশনী : আগামী
লেখক : শিমুল সালাহ্উদ্দিন

প্রকাশকাল : ২০২৫ বইমেলা প্রকাশনী : আগামী লেখক : শিমুল সালাহ্উদ্দিন

‘কবির মুখোমুখি কবি’ গ্রন্থটি সাজানো হয়েছে ১৩ জন কবির সাক্ষাৎকার দিয়ে। গ্রন্থভুক্ত যে কবিদের সাক্ষাৎকার রয়েছে তারা হলেনÑ নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তরুণ সান্যাল, জয় গোস্বামী, মৃদুল দাশগুপ্ত, সুবোধ সরকার, আহমদ রফিক, সৈয়দ শামসুল হক, আল মাহমুদ, অরুণাভ সরকার, রফিক আজাদ, আবদুল মান্নান সৈয়দ, মোহাম্মদ রফিক, ফরহাদ মজহার। বিশাল এই কর্মযজ্ঞটির কারিগর শিমুল সালাহ্উদ্দিন। তার দীর্ঘদিনের কর্মের ফসল এ বইটি প্রকাশ হয়েছে আগামী প্রকাশনা থেকে।

৩০৮ পৃষ্ঠার কলেবরের এ গ্রন্থটি পড়ে অতীত দেখা হয়ে যায় যেমন, তেমনি কবিতার রূপ ও রেখাও ধরা যায়। এই কাজটি যথাযথভাবে সাক্ষাৎকারদাতার কাছ থেকে তুলে আনতে পেরেছেন শিমুল। তার এ কাজটি শুধু কবিতাপ্রেমীদের জন্য নয়, গবেষকদেরও প্রয়োজনীয় একটি বই। কবিতার পাশাপাশি কবির যাপন, বেড়ে ওঠার গল্প, রাজনৈতিক-ধর্মীয় বিশ্বাস উঠে এসেছে সাক্ষাৎকারগুলোতে।

দুই কবির আলাপচারিতার কিছু অংশ তুলে ধরা হলো Ñ 

শিমুল সালাহ্উদ্দিনÑআপনার মতো বিদগ্ধজনদের মধ্যে শতকরা সবাই যে একটা সমস্যার ধাপ পেরিয়ে আসেন তা হচ্ছে যখন সমসাময়িকদের কাছে, বন্ধু-বান্ধব কিংবা কাছের মানুষদের কাছে যখন পরিষ্কার হয়ে যায় যে ওই প্রতিভাধর মানুষটি অনেক বড় হয়ে যাচ্ছেন বা সামান্য থেকে অসামান্য হয়ে যাচ্ছেন তখন চারপাশের ওই মানুষগুলোর কারো কারো কাছ থেকে এমন আচরণ আসতে শুরু করে যে সে যেন এই সাফল্য মেনে নিতে পারছে না কিংবা এমন দুঃখজনক পোশাকি আচরণ করে এবং উপস্থিত অন্যদের সঙ্গে এমনভাবে কথা বলতে শুরু করে যে প্রতিভাধর ওই ভদ্রলোকের উপস্থিতি সেখানে যেন কোনো অনাহূতের মতো বা কোনো বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণীর মতো মানে বড় হতে চাইলে কাছের কোনো না কোনো মানুষের সঙ্গে একটা অনিবার্য দূরত্ব তৈরি হবেই। আপনার উদ্ভাসলগ্নে কি আপনি এমন কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন? 

আবদুল মান্নান সৈয়দ - আমার উদ্ভাসলগ্নে কেন, এই মুহূর্তেও। আমাকে তো প্রতি মুহূর্তে অগ্রাহ্য করা হয়।

এই গ্রন্থে প্রতিটা সাক্ষাৎকারে উঠে এসেছে কবির কবিজীবনের পেছনের দীর্ঘ পথ পরিক্রমার গল্প। কবির বিশ্বাস আলত লয়ে তুলে আনতে পেরেছেন শিমুল। অনেক ভেতরের কথাও অনায়শে বের করতে পেরেছেন সাক্ষাৎকারগ্রহীতা। কবির সঙ্গে পাঠকের দূরত্ব ঘুচিয়েছে এসব আলাপ, যা একটা নিঃশ্বাস ফেলারও জায়গা দেয় দীর্ঘ সাক্ষাৎকারগুলোয়।

এই সাক্ষাৎকার গ্রন্থে গভীর ও নিবিড় হয়ে উঠছে আবদুল মান্নান সৈয়দ, অরুণাভ সরকার ও মৃদুল দাশগুপ্তের সাক্ষাৎকার।

নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সাক্ষাৎকার যথেষ্ট বিস্তার লাভ করছিল, কিন্তু সময় স্বল্পতার দরুণ শেষ হয়ে যায়। আহমদ রফিকের সাক্ষাৎকার বিস্তৃত হলেও কবিতার আলাপ নগণ্য ছিল। তরুণ সান্যাল, জয় গোস্বামী ও সুবোধ সরকারের আলাপ বিস্তৃতি পায় না, শেষ হয়ে যায় সময় স্বল্পতায়। সৈয়দ শামসুল হকের সাক্ষাৎকার বিস্তৃতি লাভ করে এবং শুরুর দিকে শিমুল সালাহ্উদ্দিনের কবিকে চেপে ধরাটা চোখে পড়ে। আল মাহমুদের সঙ্গে আলাপ বিস্তৃতি লাভ না করলেও যতটুকু ছিল ততটুকুই চুম্বকীয়। রফিক আজাদের সাক্ষাৎকার ব্যাপক বিস্তৃতি লাভ করলেও বিচ্ছিন্নতা তৈরি হয় আলাপে। মোহাম্মদ রফিকের সাক্ষাৎকার পূর্ণাঙ্গ ছিল, বিস্তৃত ছিল। মোহাম্মদ রফিকের পুরো জীবনের দর্পণ হিসেবেই দেখা যায় এই বইয়ে তার দেওয়া সাক্ষাৎকারটিকে। ফরহাদ মজহারের সাক্ষাৎকারে কবিতা গৌণ হয় উঠে অন্য সব প্রসঙ্গ আপাত জটিলতা হয়ে আসে এবং এ কারণে একজন ‘কবির মুখোমুখি কবি’ বইতে মানানসই মনে হয়নি শুধু এই সাক্ষাৎকারটিই অথচ সাক্ষাৎকারগ্রহীতা কবি প্রশ্ন করেছিলেন ফরহাদ মজহারের তখন পর্যন্ত প্রকাশিত সবকটি বইয়ের কবিতা ধরে ধরেই।

বইটি এক রকম দলিল হয়ে থাকবে কবিদের মুখোমুখি হয়ে। কিছু নীরবতা, কিছু নিবিড়তা, কিছু অভিমান, কবিদের কিছু সময়ের দর্পণ, সাক্ষাৎকার গ্রহণকারীর উচ্ছ্বাস, জেদ, কবিদের ভেদ করে আনা কিছু কথা বইটিকে বিশেষ করে রেখেছে আমার কাছে এবং আমার এক নিবিষ্ট সময় গেছে, কবিদের হৃদয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পেরেছি অনেকটাই। কখনও কখনও তন্ময় হয়েছি, কখনও চমকে উঠেছি, কখনও কিছুটা যেন একাকী পথ হেঁটেছি কবিদের দীর্ঘ উত্তরে। বইটি পাঠ শেষে মনে হয়েছে কবির পথ? সে কঠিনতর, অভিমানে হেলে থাকে, দীর্ঘ একঘেঁয়ে সময় কেটে আনে কয়েক মিনিটের স্রোতস্বিনী হতে। দীর্ঘদিন ধরে বাংলা কবিতার পাঠক পঞ্চাশ-ষাট দশককে বুঝতে হাতে নেবেন ‘কবির মুখোমুখি কবি’ এ কথা নিঃসন্দেহে বলা যায়। বইয়ের সাজসজ্জা ও শিমুল সাক্ষাৎকারমালা ১ প্রচ্ছদে খোদাই করা দেখে বোঝা যায় হয়তো আরও একাধিক পর্ব প্রকাশিত হবে এই বইয়ের, ব্যক্তিগতভাবে পাঠক হিসেবে আমি এমন সাক্ষাৎকার আরও প্রচুর পড়তে চাইব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা