আকেল হায়দার
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১১:৪১ এএম
তোমাকে দেখার পর নতুন করে বাঁচতে সাধ হলো
তোলপাড় করে ভীষণ ভালোবাসতে ইচ্ছে হলোÑ
দিক হারিয়ে যখন অথৈ সমুদ্রে ভাসছিলাম
আচমকা এক ভোরে-একটা স্নিগ্ধ শঙ্খচিল
উড়ে এসে বসল জাহাজের ডেকে।
ভাসতে ভাসতে যুগল এসে থামলাম,
কচি পাতায় ঘেরা, ছোট্ট এক দ্বীপে
অনুসন্ধিৎসু জ্যোতির্বিদের মতো দেখছি
তোমার নিঝুম অরণ্য, প্রজাপতি বন, ফুলের উৎস
জোছনা সরোবর আর জল টলমলে টঙ্কাবতী নদী।
দ্বীপ নয়; যেন একটা মহাদেশ জুড়ে ছুটছি…
প্রহরের ডানা ছুঁয়ে অরণ্যে হাঁটছি আর হাঁটছি
সুনীল আকাশের ভাঁজে ভাঁজে বাধাহীন উড়ছি
অমৃত জোছনালোকে ফুলবৃন্তের সুঘ্রাণ নিচ্ছি
ভাসছি আর ডুবছি গুপ্ত স্পর্শের স্রোতে স্রোতে।
চোখ মেলে দেখি, পড়ে আছি লাবণ্য সৈকতে
সুষমিত ফুল হয়ে, বিনিময়ের গুচ্ছ গুচ্ছ চুমু
বুকের কার্নিশে ফুটে আছেÑ কৃষ্ণচূড়া হয়ে।